ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত হয়েছে। এতে কেবল যে প্রাণহানি ঘটছে তাই নয় শত শত কোটি ডলারের সামরিক অস্ত্রও ধ্বংস হচ্ছে।
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করা হয়েছে ইরানের কয়েকটি গণমাধ্যমের খবরে।
বলা হয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ‘এএন/এফপিএস-১৩২’ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের নিখুঁত হামলায় ১১০ কোটি ডলার মূল্যের এই বিশাল রেডার ব্যবস্থা ধ্বংস হয়েছে।
ইরানের গণমাধ্যম ও অন্যান্য পত্রপত্রিকাগুলো রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর জনসংযোগ বিভাগের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত এই রেডারটি পাঁচ হাজার কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম ছিল।
ওই অঞ্চলে আকাশসীমায় কোনও ক্ষেপণাস্ত্র ঢুকলেই সেটিকে চিহ্নিত করে সতর্ক করে দিত এই রাডার ব্যবস্থা। ফলে উপসাগরীয় অঞ্চল এই ব্যবস্থার কারণে অনেকটাই সুরক্ষিত ছিল।
কাতারের কয়েকজন কর্মকর্তারাও এই রাডারের ক্ষতির কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে খবরে। এই রেডারটি মূলত ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমের ওপর নজরদারি করার জন্য ২০১৩ সালে স্থাপন করা হয়েছিল।




Comments