বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। ২০২৫ সালে বিশ্বের অন্তত ১৭টি দেশে ২ হাজার ৭০৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৯৮১ সালের পর এক বছরে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য আর পাওয়া যায়নি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
২০২৬ সালের মে মাসে প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় বিশ্বে শীর্ষে রয়েছে চীন। দেশটিতে প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও সরকারিভাবে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয় না। ফলে প্রকৃত সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি।
অ্যামনেস্টির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে ইরানে অন্তত ২ হাজার ১৫৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আগের বছরের তুলনায় দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরান। অন্যদিকে তৃতীয় অবস্থানে থাকা সৌদি আরবে গত বছর অন্তত ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ।
মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় পরবর্তী অবস্থানে রয়েছে ইয়েমেন, যুক্তরাষ্ট্র ও মিসর। ২০২৫ সালে ইয়েমেনে অন্তত ৫১ জন, যুক্তরাষ্ট্রে ৪৭ জন এবং মিসরে ২৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এ ছাড়া সোমালিয়া, কুয়েত ও সিঙ্গাপুরে ১৭ জন করে এবং আফগানিস্তানে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য পেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বে অন্তত ১ হাজার ৫১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বেড়েছে ৭৮ শতাংশ। তবে চীন, উত্তর কোরিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলোতে এ-সংক্রান্ত তথ্য গোপন রাখা হয়। ফলে বিশ্বে প্রকৃত মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়েও বেশি হতে পারে।
অ্যামনেস্টির প্রতিবেদনে আরও উঠে এসেছে, ২০২৫ সালে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের প্রায় অর্ধেকই ছিল মাদকসংক্রান্ত অপরাধে। ইরান, সৌদি আরব, চীন, কুয়েত ও সিঙ্গাপুরে এ ধরনের অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশ মৃত্যুদণ্ডের বিধান বাতিল কিংবা এর প্রয়োগ স্থগিত করেছে। অ্যামনেস্টির হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বের ১১৩টি দেশ সব ধরনের অপরাধের জন্য আইনগতভাবে মৃত্যুদণ্ড বাতিল করেছে। আরও কয়েকটি দেশ আইনগত বা বাস্তবিকভাবে এর প্রয়োগ বন্ধ রেখেছে।
সূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
এসএ




