সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনপ্রিয় ভিডিও গেম ‘জিটিএ-৬’ মুক্তিকে কেন্দ্র করে গত ১৩ বছরে ভারতের বিভিন্ন অর্জনের চিত্র তুলে ধরে তিনি বলেছেন, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মোদির সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ওই পোস্টে ২০১৩ সালে ‘জিটিএ-৫’ মুক্তির সময় থেকে নতুন সংস্করণ ‘জিটিএ-৬’ আসা পর্যন্ত ভারতের বিভিন্ন অর্জন তুলে ধরা হয়েছে। একই সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন আগের ইউপিএ সরকারকে কটাক্ষ করা হয়েছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে।’ এতে গত এক দশকে দারিদ্র্য কমে আসাসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতির কথা উল্লেখ করা হয়েছে। পোস্টের ছবিতে ‘প্রাইসডাউন’ ফন্ট ব্যবহার করা হয়েছে, যা ‘জিটিএ’ গেম সিরিজের প্রচ্ছদ ও প্রচারণায় পরিচিত।
পোস্টে বলা হয়েছে, একসময় ‘ফ্র্যাজাইল ফাইভ’ বা ঝুঁকিপূর্ণ পাঁচ অর্থনীতির একটি হিসেবে পরিচিত ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিতে পরিণত হয়েছে। ২০১৩ সালের আগস্টে মরগান স্ট্যানলির এক বিশ্লেষক ‘ফ্র্যাজাইল ফাইভ’ শব্দবন্ধটি ব্যবহার করেন। বৈশ্বিক আর্থিক পরিস্থিতির পরিবর্তনে ঝুঁকিতে থাকা এবং বিদেশি পুঁজির ওপর অতিরিক্ত নির্ভরশীল পাঁচটি উদীয়মান অর্থনীতিকে বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়েছিল। দেশগুলো ছিল ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। বর্তমানে ওই তালিকায় ভারতের নাম নেই।
মোদির পোস্টে ভারতের আরও কয়েকটি অর্জনের কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা অভিযান, সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় অগ্রগতি, মহাকাশ প্রযুক্তি খাতে ৪৪০টি নিবন্ধিত নতুন উদ্যোগ এবং বিদ্যুতায়নের অগ্রগতি।
তরুণ ও গেমপ্রেমীদের সঙ্গে সংযোগ তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে পোস্টে। এতে বলা হয়েছে, ভারতে উচ্চগতির ইন্টারনেটের দাম প্রতি গিগাবাইটে ৩০৮ রুপি থেকে কমে ৭ দশমিক ৫১ রুপিতে নেমেছে। এ ছাড়া মাওবাদমুক্ত দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির বিষয়টিও অর্জন হিসেবে তুলে ধরা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করে থাকেন মোদি। পোস্টটি প্রকাশের ১০ মিনিটেরও কম সময়ের মধ্যে প্রায় ৬০ হাজার লাইক ও দুই হাজারের কাছাকাছি মন্তব্য পড়ে। প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ ব্যবহারকারীই পোস্টটির প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে মুক্তি পেয়েছে ‘জিটিএ-৬’। এর আগের মূল সংস্করণ ‘জিটিএ-৫’ মুক্তি পেয়েছিল ১৩ বছর আগে।
ডিজিটাল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, জনপ্রিয় এই ভিডিও গেম সিরিজের নতুন সংস্করণটি তৈরিতে ১০০ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুক্তির আগেই গেমটির আগাম বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ১১০ কোটি ডলার। কোনো ভিডিও গেমের ক্ষেত্রে এটিই ইতিহাসের সর্বোচ্চ আগাম বিক্রির রেকর্ড বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।




