চীনা গুপ্তচরবৃত্তির সঙ্গে কথিত সম্পৃক্ততা এবং একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর পদত্যাগ করেছিলেন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। তবে পদত্যাগের মাত্র ১১ দিনের মাথায় আবারও প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট, সিইও ও পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে পুনর্বহাল হয়েছেন তিনি।
সোমবার এক বিবৃতিতে এনভিডিয়া জানায়, হুয়াংয়ের পদত্যাগপত্র গ্রহণের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। তার পুনর্বহালের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। পরিচালনা পর্ষদ জানিয়েছে, হুয়াংয়ের সঙ্গে কয়েক দফা আলোচনার পর সর্বসম্মতিক্রমে তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্ষদের বিবৃতিতে বলা হয়, হুয়াং পরিচালকদের কাছে সব বিষয় অকপটে ও খোলামেলাভাবে তুলে ধরেছেন। তাদের মতে, এনভিডিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই এখনো সবচেয়ে যোগ্য ব্যক্তি। এ সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ কর্মকর্তাদের মতামতও নেওয়া হয়েছে।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে সি জোন্স বলেন, জেনসেনই প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি। তার পুনর্বহাল শেয়ারহোল্ডার, কর্মী, অংশীদার ও গ্রাহকদের সর্বোচ্চ স্বার্থ রক্ষা করবে বলে পর্ষদ বিশ্বাস করে। তার ওপর পরিচালনা পর্ষদের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি।
হুয়াংয়ের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সিইওর দায়িত্ব পালন করেছিলেন কোম্পানির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) কোলেট ক্রেস। হুয়াং ফিরে আসায় অন্তর্বর্তীকালীন নেতৃত্বের অবসান ঘটল। ক্রেস এখন আবার সিএফও হিসেবে নিজের দায়িত্ব পালন করবেন।
এদিকে এনভিডিয়ার নেতৃত্বে ফিরতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন জেনসেন হুয়াং। তিনি বলেন, নতুন শিল্প বিপ্লবের অগ্রভাগে থাকা একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত। পরিচালনা পর্ষদের আস্থা ও সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেওয়ায় ধন্যবাদ জানিয়ে তিনি নতুন অঙ্গীকার নিয়ে দায়িত্ব গ্রহণের কথা বলেন।
তবে হুয়াং পুনর্বহাল হলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর পারিপার্শ্বিক অবস্থা নিয়ে চলমান তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।
সূত্র: এনডিটিভি
বিএইচ




