ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে স্থলযুদ্ধে জড়ানোর সামর্থ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেই বলে দাবি করেছে তেহরান। দেশটির সেনাবাহিনীর স্থলবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল নোজার নেমাতি বলেছেন, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সীমান্ত সুরক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। স্থলযুদ্ধের ক্ষেত্রে ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে প্রতিপক্ষও ভালোভাবে অবগত।
শনিবার (২৮ নভেম্বর) তেহরানে এক অনুষ্ঠানের ফাঁকে এসব কথা বলেন নেমাতি।
তিনি জানান, যুদ্ধ শুরুর আগেই সেনাবাহিনীর স্থলবাহিনী দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে সেনা মোতায়েন করেছিল। একই সঙ্গে স্থলসীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও আগাম পরিকল্পনাও নেওয়া হয়।
নেমাতির দাবি, ১২ দিনের যুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন ঘটনা ও সংঘাতের সময় সেনাবাহিনীর স্থলবাহিনী অন্যান্য সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে স্থলযুদ্ধে জড়ানোর সক্ষমতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক সামরিক ঘটনাপ্রবাহে স্থলবাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটের ভূমিকার কথাও তুলে ধরেন এই সেনা কর্মকর্তা। তিনি বলেন, ১২ দিনের যুদ্ধের শুরু থেকেই এসব ইউনিট সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এবং এখনো তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি এবং জনগণের অংশগ্রহণকে প্রতিরোধ সক্ষমতার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন নেমাতি। তাঁর ভাষ্য, সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুসরণ করে জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে এবং সীমান্তসহ প্রতিরক্ষার সব ক্ষেত্রে পূর্ণ প্রস্তুতি বজায় রাখলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
ইরানের সীমান্ত পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশটির সঙ্গে ১৪টি দেশের সীমান্ত রয়েছে। প্রতিবেশী কয়েকটি দেশে অস্থিতিশীলতা থাকলেও সশস্ত্র বাহিনীর প্রস্তুতি ও তৎপরতার কারণে ইরানের সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সূত্র: মেহের নিউজ





