চলতি বছরের শুরুর দিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জ্বালানি জোট ওপেক ভাঙার উদ্যোগ নিয়েছিল যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইরাক ও ভেনেজুয়েলাকে জোটটি ছেড়ে যাওয়ার জন্য তদবির করেছিল ওয়াশিংটন। তবে শেষ পর্যন্ত সৌদি যুবরাজের সরাসরি হস্তক্ষেপে সেই উদ্যোগ সফল হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধের উত্তেজনার মধ্যে তেলের উৎপাদন বাড়িয়ে দাম কমানোর লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রচেষ্টা যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়ে ফেলে।
অথচ মধ্যপ্রাচ্যে সৌদি আরব যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। দেশটি মার্কিন ডলারে তেল বিক্রি করে এবং নিজ ভূখণ্ডে মার্কিন সেনাদের ঘাঁটি স্থাপনের সুযোগ দিয়েছে।
গত গ্রীষ্মে ট্রাম্প প্রশাসনের এই তৎপরতা সংযুক্ত আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্তের পেছনের নতুন প্রেক্ষাপটও সামনে এনেছে। চলতি বছরের মে মাসে আমিরাত ওপেক ছাড়ার ঘোষণা দিলে ট্রাম্প প্রশাসন সিদ্ধান্তটিকে স্বাগত জানায়। রিজার্ভ ফুরিয়ে গেলে আমিরাত যাতে মার্কিন ডলারের জোগান পায়, সে জন্য দেশটিকে ‘কারেন্সি সোয়াপ লাইন’ বা মুদ্রা বিনিময় সুবিধা দেওয়ার প্রস্তাবও দিয়েছিল ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র সংঘাতের পর হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি যখন তলানিতে নেমে এসেছিল, তার পরপরই আমিরাতকে বিরল এই সুবিধা দেওয়ার প্রস্তাব আসে।
১৯৬০ সালে ইরাক, সৌদি আরব, ভেনেজুয়েলা, ইরান ও কুয়েতের হাত ধরে ওপেক প্রতিষ্ঠিত হয়। মার্কিন নিষেধাজ্ঞা এবং চীনের কাছে গোপনে তেল বিক্রির কারণে ইরান ইতোমধ্যে এই জোটের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দীর্ঘদিনের নানা চাপের মধ্যে থাকা এই জোট থেকে ইরাক ও ভেনেজুয়েলাও সরে গেলে কার্যত ওপেকের বিলুপ্তির পরিস্থিতি তৈরি হতো।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সমর্থনপুষ্ট ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালেহ আল-জাইদি গত গ্রীষ্মে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় ওপেক ছাড়ার বিষয়টি উত্থাপন করেন। মার্কিন কর্মকর্তারাও এ বিষয়ে তাঁকে উৎসাহিত করেন। তবে ইরাকের তেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রস্তাবটির বিরোধিতা করেন। তাঁদের মতে, জোট ছেড়ে যাওয়ার পরিবর্তে ওপেকের ভেতরে থেকেই বাগদাদের তেল উত্তোলনের কোটা বাড়ানোর দাবি জানানো উচিত।
গত জুলাইয়ে জাইদির আলোচিত ওয়াশিংটন সফরের সময় এসব আলোচনা হয়। ওই সফরে তিনি বেশ কয়েকটি অর্থনৈতিক চুক্তির ঘোষণা দেন। এর মাধ্যমে ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা আড়াল করার চেষ্টা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সমর্থনে সিরিয়ার ভেতর দিয়ে ভূমধ্যসাগর পর্যন্ত একটি নতুন তেল পাইপলাইন পুনরায় চালুর পরিকল্পনা করছে ইরাক।
বাগদাদের ওপর যুক্তরাষ্ট্রের বড় ধরনের আর্থিক প্রভাব রয়েছে। কারণ, ইরাকের তেল বিক্রির অর্থ দেশটির ব্যাংকগুলোতে না গিয়ে সরাসরি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা হয়। জাইদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ না দেওয়া পর্যন্ত ইরাকে ডলারের চালান বন্ধ রেখেছিল ট্রাম্প প্রশাসন। তবে তিনি ইরানপন্থি গোষ্ঠীগুলোরও সমর্থন পেয়েছিলেন।
অন্যদিকে ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ আরও বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন দেশটিতে হামলা চালিয়ে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে। এরপর দেশটির অর্থব্যবস্থা ও তেল রাজস্বের নিয়ন্ত্রণ কার্যত নিজেদের হাতে নেয় যুক্তরাষ্ট্র। তেল বিক্রির দায়িত্ব দেওয়া হয় সুইজারল্যান্ডভিত্তিক পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ‘ভিটল’কে।
বিশ্বে অপরিশোধিত তেলের সবচেয়ে বড় মজুদ ভেনেজুয়েলায় থাকলেও বিনিয়োগের অভাবে দেশটি তা উত্তোলন করতে পারছে না।
তেলের ঘনত্ব ও সালফারের পরিমাণের ভিত্তিতে এর শ্রেণিবিভাগ করা হয়। ভেনেজুয়েলার তেল বেশ ভারী হওয়ায় তা উত্তোলন ব্যয়বহুল ও শ্রমসাধ্য। বিপরীতে ইরাকের তেল তুলনামূলক হালকা হওয়ায় উত্তোলন সহজ ও সাশ্রয়ী। ভেনেজুয়েলার তেল ব্যবহারের আগে পরিশোধন করাও জরুরি।
দেশটির নিজস্ব কিছু শোধনাগার থাকলেও তেলের বড় অংশ পরিশোধিত হয় যুক্তরাষ্ট্র, চীন ও ভারতে। তবে ভেনেজুয়েলাকে নিয়ে যুক্তরাষ্ট্রের তৎপরতা সৌদি আরবকে উদ্বিগ্ন করে তোলে। দেশটি যাতে ওপেকের বকেয়া চাঁদা পরিশোধ অব্যাহত রাখে এবং জোটে থেকে যায়, সে জন্য সৌদি যুবরাজকে সরাসরি হস্তক্ষেপ করতে হয়েছিল।





