শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলায় শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার গ্রেপ্তার ও পলাতক অন্য আসামিদের অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তারের জন্য সুইডেন আসলামকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকার পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের বটতলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিটন। এ ঘটনায় তাঁর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।
এজাহার অনুযায়ী, টিটনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার খাপুরা এলাকায়। দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। এরপর ঢাকার হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকায় একটি বাসায় বসবাস শুরু করেন।
এজাহারে বাদী উল্লেখ করেন, অতীতে পরিবারের আর্থিক ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করে বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন টিটন। নতুন করে ব্যবসা শুরু করার চেষ্টা করছিলেন তিনি। এ সময় একটি গরুর হাটের ইজারা নেওয়ার কথাও বড় ভাইকে জানান।
এজাহারে গরুর হাটের ইজারা নিয়ে বিরোধকে হত্যাকাণ্ডের পেছনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল বা কাইল্লা বাদল, শাজাহান এবং রনি ওরফে ভাঙ্গারি রনিসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়।
এজাহারের বর্ণনা অনুযায়ী, ২৭ এপ্রিল টিটন তাঁর বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষের লোকজন তাঁকে ডেকেছে এবং সমঝোতার মাধ্যমে বিরোধ মেটাতে চায়। পরদিন ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে পাকা সড়কে তাঁর ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারীসহ আরও পাঁচ থেকে সাতজনের পরিকল্পনায় তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গুলিতে টিটনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এজাহারে আরও বলা হয়, ঘটনার খবর পেয়ে বাদী যশোর থেকে ঢাকায় এসে ২৯ এপ্রিল ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার কারণে মামলা করতে কিছুটা বিলম্ব হয় বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে গত ২২ নভেম্বর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে সুইডেন আসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৩ নভেম্বর আদালত তাঁর প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নব্বইয়ের দশকে তিনি ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি। তাঁর প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। বাবার নাম শেখ জিন্নাত আলী। পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় হলেও বেড়ে উঠেছেন রাজধানীর ইন্দিরা রোডে।
এনএ





