কোনো খুচরা বিক্রেতা আর ১০ টাকা, ২০ টাকার কাঁচামরিচ বিক্রি করছে না। কমপক্ষে ৩০ টাকায় কিনলে পাওয়া যাচ্ছে অল্প কয়েকটি। যা এক মিনিটে গুনে শেষ করা যায়।
এক মুঠো কাঁচামরিচ কিনতে হলে ক্রেতাকে ব্যয় করতে হচ্ছে কমপক্ষে ৫০ টাকা। কাঁচামরিচের এমন দাম শুনে গৃহিণীরা শুকনো মরিচের দিকে নজর দিচ্ছেন।
গত রোজার ঈদে কাঁচামরিচের দাম ছিল কেজিতে ১০০-১৫০ টাকা। এই দাম শুনে অনেকে কাঁচামরিচের ঝাঁজের মতো গলাখাকরি দিয়েছে। দুই মাসের ব্যবধানে এই কাঁচামরিচ এখন ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আবার কোথাও কোথাও হাজার টাকা ছুঁয়েছে। কেন এত দাম হু হু করে বাড়ছে? এই প্রশ্নে কারওয়ান বাজারের পাইকার ব্যবসায়ী মো. আলম জানালেন, মৌসুমের শুরুতে প্রচ- খরায় মরিচের ফলন ভালো হয়নি। বৃষ্টিতে কাঁচামরিচের গাছ মরে গেছে। ক্ষেতের গাছে মরিচ আর নেই। তাই দাম বেড়েছে। ঈদের সময় কাঁচামরিচের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে বেশি।
মালিবাগ বাজারের খুচরা ব্যবসায়ী নুরুদ্দিন জানায়, শুনলাম ভারত থেকে কাঁচামরিচ এসেছে। এত কাঁচামরিচ গেল কই?
যাত্রাবাড়ীর আরও এক খুচরা ব্যবসায়ী শাহিন। কাঁচামরিচের কথা শুনেই প্রথম রেগে গেলেন। বললেন, আমাকে জিগেস করেন কেন? যারা কাঁচামরিচ নিয়ে বসে আছে স্টক করে তাদের গিয়ে জিগেস করেন কেন দাম বাড়ল। ফকিরাপুলের সাধারণ তরিতরকারি ব্যবসায়ী আজমল জানালেন, আগে তরিতরকারির সঙ্গে কাঁচামরিচ বিক্রি করতাম। এখন আর করি না। কারণ পাইকার ব্যবসায়ীরা এখন আর আমাদের মতো খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে চায় না। তিনি জানালেন, যাত্রাবাড়ী, শ্যামবাজার, বাদামতলী, কারওয়ান বাজারে একশ্রেণির সিন্ডিকেট তৈরি হয়েছে। তাদের কাছে প্রচুর কাঁচামরিচ রয়েছে। কিন্তু তারা তা বাজারে ছাড়ছে না। এদের মধ্যে কয়েকজন ভারত থেকে কাঁচামরিচ আমদানি করেছে। তাই আমার প্রশ্ন, আমদানি করা কাঁচামরিচ গেল কই?
এ ব্যাপারে ভোক্তা অধিদফতরের একজন কর্মকর্তা জানান, কাঁচামরিচের দামের বিষয়টি আমাদের নজরে এসেছে। আজ-কালের মধ্যে বাজার অভিযান শুরু করব। তিনি আরও জানান, কাঁচামরিচের দাম তো এত হওয়ার কথা নয়। আমরা জানি, কাঁচামরিচের উৎপাদন কম হয়েছে। যে কারণে ভারত থেকে আমদানি করা হয়েছে।
এদিকে ঝিনাইদহের শৈলকুপায় প্রতি কেজি কাঁচামরিচ ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। শনিবার সকাল থেকে শৈলকুপার পৌর বাজারে এ অবস্থা দেখা গেছে। ব্যবসায়ী ও ক্রেতারা জানান, ‘কাঁচামরিচের এত দাম জীবনে দেখিনি। ১ হাজার টাকার ১ পয়সা কমেও কাঁচামরিচ পাওয়া যাচ্ছে না। ১ কেজি কাঁচামরিচে এখন ১ কেজি খাসির মাংস পাওয়া যাচ্ছে।’
হিলি বন্দরে প্রতি কেজি ৫০০ টাকা : হিলি প্রতিনিধি জানান, দেশের বাজারে কাঁচামরিচের দাম স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়। ফলে দীর্ঘ ১০ মাস পর গত ২৬ জুন হিলি বন্দর দিয়ে আবারও কাঁচামরিচের আমদানি শুরু হয়েছে। কিন্তু হিলি স্থলবন্দর বাজারসহ দেশের বাজারে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে এই পণ্যটির দাম। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমের কারণে দাম বৃদ্ধি পেয়েছে বলছেন বিক্রেতারা। অন্যদিকে কাঁচামরিচ আমদানিতে সরকারি শুল্ক কমানোর দাবি বন্দরের আমদানিকারকদের। বর্তমানে বন্দরের খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকা। হঠাৎ করে বাজারে পণ্যটির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সেই সঙ্গে বিক্রিও কমেছে বিক্রেতাদের।
শনিবার হিলি বন্দরের কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, বাজারের অধিকাংশ দোকানেই কাঁচামরিচ মিলছে না। দুয়েকটি দোকানে অল্প পরিমাণে কাঁচামরিচ বিক্রির জন্য রাখা হয়েছে। বাড়তি দামের কারণে দোকানিরা কাঁচামরিচ বিক্রি করছে না। বাজারে ক্রেতাদেরও কাঁচামরিচ কেনার তেমন আগ্রহ দেখা যায়নি। পণ্যটির হঠাৎ দাম বৃদ্ধি পাওয়ায় বিক্রেতাদের বিক্রিও কমে গেছে।
হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা গৃহবধূ শাহনাজ পারভীন বলেন, কাঁচামরিচ সব পরিবারে কম-বেশি লাগে। তাই ঈদের পরে বাজারে আসছি কাঁচামরিচ কিনতে। বাজারে এসে দেখি কাঁচামরিচের যে ঝাঁজ তাতে কেনা তো দূরের কথা, হাত দেওয়া যাচ্ছে না। মনে মনে ভাবছি কাঁচামরিচ খাওয়া বাদ দিতে হবে। আজ প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকা দাম শুনলাম কিন্তু নেওয়ার সাহস পেলাম না।
হিলি সবজি বাজারে আসা আরাফাত হোসেন বলেন, দীর্ঘদিন থেকে বাজারে সব পণ্যের দাম বাড়ছে। এতে করে আমাদের মতো সাধারণ ও নিম্ন আয়ের মানুষের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বাজারে আসলে হাঠাৎ পণ্যের দাম বৃদ্ধি শুনে নিজেই অবাক হয়ে যাই। কোনো কিছুতে হিসাব মেলাতে পারি না। ঈদের আগের দিন বাজার থেকে কাঁচামরিচ কিনে নিয়ে গেলাম ২৪০-২৫০ টাকা। আজ আবার বাজারে শুনেছি প্রতি কেজি কাঁচামরিচের দাম ৫০০ টাকা। কীভাবে হিসাব মেলাই। কাঁচামরিচ না নিলে বাড়িতে বউ রাগ করবে তাই উপায় না পেয়ে অল্প একটু নিলাম।
হিলি বাজারের সবজি বিক্রেতা মইনুল ইসলাম বলেন, রাগ করে দোকানে কাঁচামরিচ ওঠাইনি। রাতারাতি মরিচের দাম বৃদ্ধি পাচ্ছে। এতে ক্রেতাদের সঙ্গে বেশি কথা বলতে হয়। তাতে অনেক সময় বাকবিত-ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। দাম বেশি হলে বিক্রিও কম হয়। সব মিলে দোকানে কাঁচামরিচ ওঠাইনি অনেক ভালো আছি।
হিলি বাজারের আরেক সবজি বিক্রেতা আবদুল খালেক বলেন, দীর্ঘদিন থেকে বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ থাকলেও দেশি কাঁচামরিচ দিয়েই দেশের বাজারে সাধারণ মানুষের চাহিদা মিটছিল। দীর্ঘদিন পর আবারও বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি শুরু হয়েছে। কিন্তু গত কয়েক দিন ধরে অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের ক্ষেত নষ্ট হয়ে গেছে। বাজারে কাঁচামরিচের যে চাহিদা সেই তুলনায় সরবরাহ কমের কারণেই দাম বাড়ছে। আর মাত্র দুদিন পরে বন্দর দিয়ে আমদানি শুরু হলে দাম অনেক কমে আসবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, মোকামে প্রায় প্রতিদিনই কাঁচামরিচের দাম বাড়ছে। আমরা যখন যে দামে কিনছি সেই মোতাবেক বাজারে বিক্রি করছি। আমরা ঈদের আগে কাঁচামরিচ ২২০ টাকা কেজিতে কিনে বাজারে বিক্রি করেছিলাম ২৪০-২৫০ টাকা কেজি দরে। আজ সেই কাঁচামরিচ মোকামেই ২৫ কেজি কিনলাম ১০ হাজার টাকা দিয়ে। মানে কিনতেই আমাদের ৪০০ টাকা কেজি পড়ল। এর সঙ্গে পরিবহন খরচ রয়েছে। নষ্টসহ অন্যান্য কিছু মিলিয়ে ৫০০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি করছি।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচের আমদানিকারক সততা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী আলহাজ বাবলু রহমান বলেন, দেশের বাজারে কাঁচামরিচের দাম সহনশীল রাখতে সরকার গত ২৫ জুন ভারত থেকে আমদানির অনুমতি (আইপি) দেয়। দিন গত ২৬ জুন তিনটি ট্রাকে আমার ১৭ টন কাঁচামরিচ বন্দরে প্রবেশ করেছে। এ ছাড়া ১ কেজি কাঁচামরিচ আমদানিতে শুল্ক দিতে হচ্ছে ৩৫ টাকা। তাই ভারত থেকে কাঁচামরিচ আমদানি ক্ষেত্রে সরকারি শুল্ক কমানোর জোর দাবি জানাচ্ছি।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত বন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ৩ জুলাই সোমবার থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম আগের নিয়মে চালু হবে।
ঝিনাইদহে কাঁচামরিচ প্রতি কেজি ৯০০ টাকা : আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানান, বিভিন্ন বাজারে হঠাৎ করে কাঁচামরিচের ঝাঁজে নিম্ন আয়ের মানুষ দিশাহারা হয়ে পড়েছে। কাঁচামরিচ প্রতি কেজি ৮০০-৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহে লাফিয়ে লাফিয়ে কাঁচামরিচের দাম বাড়তে থাকে। যা ৩২০ টাকা থেকে দাম বৃদ্ধি পেয়ে ৯০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। জেলার বিভিন্ন হাট বাজারগুলোতে সরেজমিন গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, চাহিদার তুলনায় কাঁচামরিচের উৎপাদন কম হওয়ার ফলে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে নিম্ন ও মধ্যম আয়ের খেটে খাওয়া মানুষগুলো পড়েছে মহা বিপাকে।
জেলা শহরের রিকশাচালক মিলন বলেন, সারা দিন যে টাকা আয় করি তার মধ্যে বাজারে গিয়ে ৮০০ টাকা দরে কাঁচামরিচ কিনতে গেলে অন্য বাজার করা কষ্ট হয়ে যাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে তথ্য মতে জানা যায়, চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ১ হাজার ৭২৪ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। তবে বর্ষা মৌসুম হওয়ার ফলে অধিকাংশ জমির মরিচের গাছ নষ্ট ও ধরন কমে যাওয়ার ফলে চাহিদার তুলনায় উৎপাদন থাকায় দাম অনেক বেশি।
নেত্রকোনায় প্রতি কেজি ৯৬০ টাকা : আমাদের নেত্রকোনা প্রতিনিধি জানান, বাজারে কাঁচামরিচের মূল্য রেকর্ড ছাড়িয়েছে। ৯৬০ টাকা দিয়ে এক কেজি কাঁচামরিচ কিনতে হচ্ছে ক্রেতাদের। বাজারমূল্য বেশি থাকায় কাঁচামরিচ কিনতে পারছে না সাধারণ ক্রেতারা। বেশিরভাগ পরিবার কাঁচামরিচ ছাড়াই রান্না-বান্না চালিয়ে যাচ্ছে। এতে করে বিপাকে সাধারণ মানুষ।
শনিবার বিকাল ৫টার দিকে পৌর শহরের মেছুয়া বাজার, জয়ের বাজারসহ অন্যান্য কাঁচা বাজার ঘুরে দেখা যায় প্রায় ৫০টি দোকানের মধ্যে দুয়েকটি দোকানে সামান্য পরিমাণ কাঁচামরিচ পাওয়া যায়। যেগুলো গ্রামের গৃহস্থদের কাছ থেকে ক্রয় করা হয়েছে। এগুলো ৭০০-৭৫০ টাকায় কিনে কেউ ৮০০ টাকা আবার কেউ ৯০০-৯৫০ টাকায় বিক্রি করছে।
পৌর শহরের মেছুয়া বাজারের আড়তদার রানা বলেন, ‘কাঁচামরিচের মূল্য বেশি থাকায় আমরা পাঁচ দিন আগে থেকেই মরিচ কেনা বন্ধ করে দিয়েছি। বেশি দামে কিনে অনেক সময় প্রাশসনের ভয়ে কম মূল্যে বিক্রি করতে হয়। এ ছাড়াও বেশি মূল্য থাকায় কেউ কিনতে চায় না। তাই দাম কমলে তারপর মরিচ কিনব।’
বাজারের ব্যবসায়ী কাজল সরকার বলেন, ‘যেখানে এক থেকে দুই মণ বিক্রি করা হতো সেখানে সারা দিনে দুই কেজি বিক্রি করা যায় না। তা হলে কাঁচামরিচ কিনে লাভ কি। আর যা পাওয়া যায় তাও আবার গ্রামের গৃহস্থদের কাছ থেকে কেনা। আগের মতো গাড়ি করে বাইরে থেকে আর আসে না। দাম কমলে তখন কিনব।’
শহরের মোক্তারপাড়ার বাসিন্দা শ্যামলেন্দু পাল তার ফেসবুকে স্টেটাস দিয়েছেন, ‘২২৪টি (আড়াইশ গ্রাম) কাঁচামরিচের মূল্য পড়েছে ২৪০ টাকা। প্রতি কেজির মূল্য ৯৬০ টাকা। যা শনিবার সকালে শহরের জয়ের বাজার থেকে কিনেছেন।’
শহরের বাসিন্দা জীবন সরকার বলেন, ‘কাঁচামরিচের দাম যেভাবে বেড়েছে কিনে খাওয়া এখন সাধ্যের বাইরে চলে গেছে। যারা দিন আনে দিন খায় তারা কি করে কাঁচামরিচ কিনবে। বিত্তবান লোক ছাড়া কেউ কিনতে পারবে না। সরকারের উচিত বিষয়টির দিকে খেয়াল রাখা।’ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘কাঁচামরিচের মূল্যবৃদ্ধির বিষয়টা সারা বাংলাদেশেই এর প্রভাব পড়েছে।





