আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনভোগান্তি কমাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবার রাজধানীসহ দেশের কোথাও মহাসড়ক ও রেললাইনের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না।
বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতারণা রোধে জাল নোট শনাক্তকারী মেশিন স্থাপন করা হবে। এছাড়া বড় বড় হাটগুলোতে পুলিশের নজরদারি বাড়াতে বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হবে।
কোরবানির পশুর চামড়া নিয়ে বিশৃঙ্খলা এড়াতে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকার ট্যানারিগুলোর ধারণক্ষমতা কম হওয়ায় এবার গ্রাম ও উপজেলা পর্যায়ে চামড়া সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চামড়া অন্তত সাত দিন লবণ দিয়ে স্থানীয়ভাবে সংরক্ষণ করতে হবে এবং সরকার বিনামূল্যে প্রয়োজনীয় লবণ সরবরাহ করবে।
আইন-শৃঙ্খলা রক্ষা প্রসঙ্গে তিনি বলেন, মাদক, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বহাল রয়েছে। বিশেষ করে অনলাইন জুয়া বন্ধে নতুন আইন প্রণয়নের কাজ চলছে এবং ক্ষতিকর সাইটগুলো ব্লক করার প্রক্রিয়া চলমান।
সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। এছাড়া গত ৫ আগস্টের পর সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলাগুলো যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
মানবকণ্ঠ/আরআই




Comments