নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা করেছে।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা করেন। শোভাযাত্রাটি সন্ধ্যার দিকে পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছালে তাদের ওপর আওয়ামী লীগের একটি গ্রুপ হামলা চালায়।
এসময় শোভাযাত্রায় থাকা কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথম কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শহীন ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়।




