বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে দ্বিতীয় দফায় আরও ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গোয়েন্দা রমনা বিভাগের পরিদর্শক মো. সুজন হক ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, প্রথম দফায় সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে সাঈদ খোকন মামলার মূল রহস্য এড়িয়ে কৌশলে বিভিন্ন জবাব দিয়ে ডিবি পুলিশকে বিভ্রান্ত করার এবং মামলার মোড় অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেছেন। মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের অবস্থানের বিষয়েও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তবে জিজ্ঞাসাবাদে তিনি মামলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন; সেসব তথ্য যাচাই-বাছাই, মূল রহস্য উদঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাঁকে দ্বিতীয় দফায় আরও সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) এবং পরবর্তীতে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. সুজন হক তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রথম রিমান্ড আবেদনে বলা হয়েছিল, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে; আন্দোলন দমনে তাঁর নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান এবং তিনি অর্থ ও অস্ত্র জোগান দিয়েছিলেন। এ ছাড়া সরকার পতনের পরও ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন এবং পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা কিশোর আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়; সাঈদ খোকন এ মামলার ২৯ নম্বর এজাহারভুক্ত আসামি।
ডিআর




