চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাওয়া নিয়ে বন্দরে অস্থিরতা, তার সঙ্গে যুক্ত হওয়া রাজনৈতিক অস্থিরতা—সব মিলিয়ে চাপে পড়েছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য। ক্রেতাদের আস্থা কমছে, রপ্তানি আদেশ হাতছাড়া হয়ে ভিয়েতনাম ও ভারতের দিকে চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে চট্টগ্রাম বন্দর সচল আছে কি না, তা নিয়ে বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যেও প্রশ্ন তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বন্দরের পরিচালনাগত বিরোধের সঙ্গে দেশের রাজনৈতিক অস্থিরতা যুক্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। এর প্রভাব পড়তে পারে রপ্তানি আদেশ ও নতুন বিনিয়োগে।
চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ হয় এনসিটির মাধ্যমে। আধুনিক গ্যান্ট্রি ক্রেন ও অন্যান্য সুবিধাসম্পন্ন এই টার্মিনালটি এক যুগেরও বেশি সময় ধরে পরিচালনা করে আসছে দেশীয় বার্থ অপারেটর সাইফ পাওয়ারটেক। তবে বন্দরের সক্ষমতা বাড়ানো ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় টার্মিনালটি পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
এই উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পর থেকেই বন্দরের অভ্যন্তরে অস্থিরতা বাড়ছে বলে অভিযোগ সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এনসিটি পরিচালনার সঙ্গে যুক্ত একটি পক্ষের ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়া, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে ধীরগতি এবং কনটেইনার ডেলিভারিতে জট তৈরির চেষ্টা হচ্ছে।
গত ১৭ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে এনসিটি ও সিসিটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ ঘণ্টা পর আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান হলে কাজে ফেরেন শ্রমিকেরা। এতে ওই সময়ের মধ্যে কনটেইনার ওঠানামা ও বন্দর থেকে পণ্য সরবরাহ ব্যাহত হয়।
বন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ এজেন্টদের একাংশের অভিযোগ, সাম্প্রতিক সময়ে জেটিতে কনটেইনার ওঠানামার গতি কমেছে। জাহাজের অবস্থানকাল বাড়লে আমদানিকারকদের ডেমারেজ বা অতিরিক্ত মাশুল গুনতে হয়। পণ্য খালাসে বিলম্বের কারণে ব্যবসায়ীদের ব্যয়ও বাড়ছে।
নাম প্রকাশ না করার শর্তে বন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ডিপি ওয়ার্ল্ডের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান দায়িত্ব নিলে বন্দরের পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়তে পারে। এতে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও অতিরিক্ত খরচের সুযোগ কমবে। তাঁর দাবি, এ কারণেই একটি মহল শ্রমিকদের ভুল বুঝিয়ে ও গুজব ছড়িয়ে বন্দরের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিষয়টি সরকারের উচ্চপর্যায় ও গোয়েন্দা সংস্থাগুলোর নজরে রয়েছে বলেও জানান তিনি।
তবে এনসিটি পরিচালনার দায়িত্ব হস্তান্তর নিয়ে বিরোধের পাশাপাশি দেশের রাজনৈতিক অস্থিরতাও ব্যবসায়ীদের উদ্বেগ বাড়াচ্ছে। হরতাল-অবরোধ, সড়কে নিরাপত্তাহীনতা এবং পরিবহন ব্যবস্থায় অনিশ্চয়তার কারণে কারখানায় কাঁচামাল পৌঁছানো ও উৎপাদিত পণ্য বন্দরে পাঠাতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নির্ধারিত সময়ে জাহাজে পণ্য তোলা না গেলে রপ্তানিকারকদের বিকল্প হিসেবে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে কয়েক গুণ।
এ পরিস্থিতি নিয়ে বিদেশি ক্রেতারাও খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ নিয়ে আস্থার সংকট তৈরি হচ্ছে। তারা দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং এ বিষয়ে বারবার জানতে চাইছেন।
তিনি বলেন, অন্য দেশেও রাজনৈতিক সংকট তৈরি হয়। তবে তা দীর্ঘস্থায়ী হলে ব্যবসায়িক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। ব্যবসায়ীরা রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে চান। এ জন্য সরকারের দায়িত্ব অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা। রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
বিজিএমইএর সহসভাপতি এস এম আবু তৈয়ব বলেন, যুক্তরাষ্ট্রের একজন ব্যবসায়ী চট্টগ্রাম বন্দর বন্ধ হয়ে যাওয়ার খবর জানতে চেয়ে তাঁকে ই-মেইল করেন। সঙ্গে পাঠান কয়েকটি সংবাদমাধ্যমের লিংক। পরে ফোন করে তিনি নিশ্চিত করেন, সেদিন কয়েক ঘণ্টার মধ্যেই বন্দরের টার্মিনালগুলো সচল হয়েছিল। তাঁর মতে, বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। অনিশ্চয়তা বাড়লে তারা বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন।
ব্যবসায়ীদের আশঙ্কা, সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করা না গেলে বিদেশি ক্রেতারা বিকল্প বাজারের দিকে ঝুঁকতে পারেন। বিশেষ করে তৈরি পোশাকের ক্রয়াদেশ ভিয়েতনাম, ভারত, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এতে নতুন ক্রয়াদেশ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কমবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের এক নেতা বলেন, বিনিয়োগকারীরা এমন দেশে বিনিয়োগ করতে চান, যেখানে ব্যবসার নিয়মনীতি স্থিতিশীল এবং পণ্য পরিবহনে অনিশ্চয়তা নেই। বন্দরের পরিচালনাগত বিরোধ ও রাজনৈতিক অস্থিরতা একসঙ্গে চলতে থাকলে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কমবে। নতুন বিনিয়োগের সিদ্ধান্তও পিছিয়ে যেতে পারে। তাই বন্দরের ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
বিকেএমইএর এক নেতা বলেন, রপ্তানি আদেশ ধরে রাখতে হলে পণ্য খালাস ও পরিবহনের স্বাভাবিক গতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বন্দরের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।
বন্দরকেন্দ্রিক অস্থিরতার প্রভাব আমদানি ব্যয়েও পড়তে পারে বলে আশঙ্কা করছেন শিপিং খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি বলেন, বিদেশি শিপিং লাইনগুলো চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জাহাজের অপেক্ষমাণ সময় বাড়তে থাকলে তারা কনজেশন সারচার্জ বা জট মাশুল আরোপ করতে পারে। এতে প্রতি কনটেইনারে আমদানি-রপ্তানি ব্যয় কয়েকশ ডলার পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত এর প্রভাব পড়বে ভোক্তাদের ওপরও।
সামনে রমজান ও উৎসবের মৌসুম। এ সময় বন্দরে পণ্য খালাসে ধীরগতি এবং সড়কে পরিবহন ব্যাহত হলে বাজারে সরবরাহ সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন আমদানিকারকেরা। খাতুনগঞ্জের ব্যবসায়ী মহিউদ্দিন চৌধুরী বলেন, ব্যবসায়ীরা চান বন্দর ২৪ ঘণ্টা সচল থাকুক এবং মহাসড়কে পণ্য পরিবহন নিরাপদ থাকুক। বন্দরে পণ্য খালাসে বিলম্ব হলে ভোগ্যপণ্যের সরবরাহ ও বাজারদর—দুটিতেই প্রভাব পড়তে পারে।
এদিকে, বন্দরে অস্থিরতা সৃষ্টির অভিযোগের বিষয়ে সাইফ পাওয়ারটেকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, শ্রমিকেরা কয়েক ঘণ্টা কর্মবিরতি ও আন্দোলন করেছিলেন। পরে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। শ্রমিকেরা কাজে ফিরেছেন। বর্তমানে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর। ফলে এর কার্যক্রমে সাময়িক বিঘ্নও দেশের ব্যবসা-বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। এনসিটি পরিচালনার দায়িত্ব হস্তান্তর নিয়ে বিরোধের নিষ্পত্তি, শ্রমিকদের উদ্বেগ নিরসন এবং বন্দরের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা এখন সংশ্লিষ্টদের জন্য বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরবচ্ছিন্ন পণ্য পরিবহন নিশ্চিত না হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক আস্থা ধরে রাখাও কঠিন হয়ে পড়তে পারে।
ডিআর




