ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে নীতি সহায়তা দিয়ে আসছে। বিশেষ করে অর্থনৈতিক অস্থিরতা, বৈদেশিক মুদ্রার বিনিময় হারজনিত ক্ষতি, রাজনৈতিক পরিবর্তন এবং ব্যবসায়িক পরিবেশের অনিশ্চয়তায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে পুনঃতফসিল, পুনর্গঠন, বিশেষ এক্সিট, পুনঃঅর্থায়ন ও প্রাক্-অর্থায়নের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম সচল রাখা, বিনিয়োগের প্রবাহ বজায় রাখা এবং ব্যাংকিং খাতে খেলাপি বিনিয়োগের চাপ কমানো।
বাংলাদেশের অর্থনীতিতে প্রচলিত ধারার ব্যাংকগুলোর পাশাপাশি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে প্রচলিত সুদভিত্তিক ব্যাংক ও ইসলামী ব্যাংকের মধ্যে মৌলিক চুক্তিগত, পরিচালনাগত ও ঝুঁকি ব্যবস্থাপনাগত পার্থক্য রয়েছে। প্রচলিত ব্যাংকের জন্য প্রণীত নীতি সহায়তা ইসলামী ব্যাংকগুলো সব ক্ষেত্রে একই পদ্ধতিতে গ্রহণ করতে পারে না। ফলে নীতি সহায়তার উদ্দেশ্য ও সুবিধা অক্ষুণ্ণ রেখে ইসলামী ব্যাংকগুলোর জন্য কার্যকর শরিয়াহসম্মত বিকল্প কাঠামো তৈরি করা এখন সময়ের দাবি। এটি কোনো বিশেষ সুবিধার দাবি নয়; বরং ব্যাংকিং ব্যবস্থায় সমান সুযোগ ও কার্যকর নীতিপরিপালন নিশ্চিত করার প্রয়োজনীয়তা।
নীতি সহায়তার সুযোগ ও বাস্তবতা
২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক বিআরপিডি সার্কুলার-৭-এর মাধ্যমে বিশেষ পুনঃতফসিল, পুনর্গঠন ও এক্সিট সুবিধা ঘোষণা করে। এর আওতায় নির্দিষ্ট শর্তে শ্রেণিকৃত ঋণ পুনঃতফসিল, ডাউন পেমেন্ট হ্রাস, গ্রেস পিরিয়ডসহ দীর্ঘমেয়াদি পরিশোধের সুযোগ এবং কিছু ক্ষেত্রে বিশেষ এক্সিট সুবিধা দেওয়া হয়। পরবর্তী সময়ে কয়েকটি সার্কুলার লেটারের মাধ্যমে এসব সুবিধা আরও সহজ করা হয়।
অন্যদিকে, বন্ধ বা ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করা এবং কৃষি, রপ্তানি, সিএমএসএমই ও উদ্যোক্তা খাতে অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পুনঃঅর্থায়ন ও প্রাক্-অর্থায়ন স্কিম চালু করেছে। এসব উদ্যোগ অর্থনীতিতে তারল্য প্রবাহ বাড়ানো, উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে এসব নীতি সহায়তা ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে প্রয়োগ করতে গেলে কয়েকটি মৌলিক জটিলতা দেখা দেয়। বিশেষত ঋণ বা বিনিয়োগের মেয়াদ বাড়িয়ে অতিরিক্ত অর্থ আদায়, স্থগিত সুদ আয় খাতে স্থানান্তর, সুদ বা মুনাফা মওকুফ এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে তহবিল গ্রহণের প্রচলিত পদ্ধতির সঙ্গে ইসলামী ব্যাংকিংয়ের চুক্তিগত ও শরিয়াহগত নীতির অসামঞ্জস্য রয়েছে। ফলে একই নীতি সহায়তা থাকা সত্ত্বেও ইসলামী ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হয় অথবা শরিয়াহ পরিপালনের প্রশ্নে জটিলতার মুখোমুখি হয়।
পুনঃতফসিল ও পুনর্গঠনে শরিয়াহগত সীমাবদ্ধতা
প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ঋণ পুনঃতফসিলের সময় পরিশোধের মেয়াদ বাড়িয়ে অতিরিক্ত সুদ আরোপের সুযোগ রয়েছে। কিন্তু ইসলামী ব্যাংকিংয়ে পূর্ববর্তী বিক্রয় বা বিনিয়োগ চুক্তি থেকে সৃষ্ট নির্ধারিত পাওনার বিপরীতে শুধু সময় বাড়ানোর কারণে অতিরিক্ত অর্থ আদায় করা যায় না। কারণ, ঋণের বিপরীতে সময়ের বিনিময়ে অতিরিক্ত অর্থ গ্রহণ রিবা হিসেবে বিবেচিত।
এ ক্ষেত্রে শরিয়াহর একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো, প্রকৃত আর্থিক সংকটে থাকা ঋণগ্রহীতাকে পরিশোধের জন্য অবকাশ দেওয়া। পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৮০ নম্বর আয়াতে ঋণগ্রহীতা অভাবগ্রস্ত হলে তার সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত সময় দেওয়ার নির্দেশনা রয়েছে। তবে এ সুযোগের অপব্যবহার করে ইচ্ছাকৃত খেলাপিদের সুবিধা দেওয়া শরিয়াহর ন্যায়বিচার ও আর্থিক শৃঙ্খলার নীতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। তাই প্রকৃত ক্ষতিগ্রস্ত ও সাময়িক সংকটে থাকা গ্রাহক এবং ইচ্ছাকৃত খেলাপির মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ধারণ জরুরি।
পুনর্গঠনের ক্ষেত্রে নতুন ও স্বতন্ত্র শরিয়াহসম্মত চুক্তির মাধ্যমে অর্থায়নের সুযোগ তৈরি করা যেতে পারে। সম্পদের প্রকৃতি ও গ্রাহকের সক্ষমতা বিবেচনায় হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মেলক (এইচপিএসএম), ইজারা, বাই সালাম কিংবা বাই ইসতিসনা পদ্ধতি প্রয়োগের সুযোগ রাখা যেতে পারে। এসব পদ্ধতিতে প্রকৃত সম্পদ, মালিকানা, ঝুঁকি ও চুক্তির শর্ত যথাযথভাবে অনুসরণ করা হলে নতুন বিনিয়োগের মাধ্যমে পুরোনো দায় পরিশোধের পথ তৈরি হতে পারে। তবে পুরোনো দেনাকে নতুন নামে পুনর্নির্ধারণ করাই যেন উদ্দেশ্য না হয়; প্রতিটি লেনদেনের পেছনে প্রকৃত সম্পদ ও বৈধ চুক্তির উপস্থিতি নিশ্চিত করতে হবে।
ক্ষতিপূরণ ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারজনিত ক্ষতি
ইসলামী ব্যাংকগুলোতে বিলম্বিত পরিশোধের ক্ষেত্রে নির্ধারিত শর্তে ক্ষতিপূরণ আরোপের সুযোগ থাকলেও সাধারণভাবে আদায়কৃত অর্থ ব্যাংকের আয় হিসেবে গ্রহণ করা যায় না; তা শরিয়াহ নির্দেশিত দাতব্য খাতে ব্যয় করতে হয়। ফলে দীর্ঘমেয়াদি পুনঃতফসিল ও পুনর্গঠনের ক্ষেত্রে ব্যাংকের আর্থিক সক্ষমতা ও মুনাফাযোগ্যতার ওপর চাপ সৃষ্টি হয়।
এ সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক অভিজ্ঞতা ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত বিবেচনায় নিয়ে সীমিত ও নিয়ন্ত্রিত পরিসরে একটি নীতিমালা প্রণয়ন করা যেতে পারে। বিশেষত আদায়কৃত ক্ষতিপূরণ থেকে ব্যাংকের প্রকৃত ও প্রমাণিত ক্ষতির সমপরিমাণ অর্থ সমন্বয়ের বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি পরীক্ষামূলক কাঠামো বিবেচনা করতে পারে। তবে এ ধরনের ব্যবস্থা অবশ্যই শরিয়াহ অনুমোদন, স্বচ্ছ হিসাবায়ন ও নিয়ন্ত্রক তদারকির আওতায় থাকতে হবে। এটি খেলাপি বিনিয়োগের স্থায়ী সমাধান নয়; বরং বিশেষ পরিস্থিতিতে সাময়িক সহায়তার একটি সম্ভাব্য উপায়।
বৈদেশিক মুদ্রার বিনিময় হারজনিত ক্ষতির ক্ষেত্রেও ইসলামী ব্যাংকগুলো বিশেষ সমস্যার সম্মুখীন হয়। প্রচলিত ব্যাংকগুলো এ ধরনের ক্ষতি আলাদা ঋণ হিসাবে স্থানান্তর করে নির্দিষ্ট মেয়াদে সুদ আরোপের সুযোগ পায়। কিন্তু ইসলামী ব্যাংকগুলো একই পদ্ধতি অনুসরণ করতে পারে না। বিশেষত ডেফার্ড বা ইউপাস এলসির ক্ষেত্রে পণ্যের অস্তিত্ব, মালিকানা ও লেনদেনের প্রকৃতি গুরুত্বপূর্ণ হওয়ায় নতুন বিনিয়োগ চুক্তি করা অনেক সময় সম্ভব হয় না। তাই বৈদেশিক মুদ্রার ক্ষতি নিরূপণ, পরিশোধের সময়সীমা এবং শরিয়াহসম্মত সমন্বয় পদ্ধতি নির্ধারণে পৃথক নির্দেশনা প্রয়োজন।
পুনঃঅর্থায়নের পরিবর্তে শরিয়াহসম্মত প্রাক্-অর্থায়ন
ইসলামী ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণেও কাঠামোগত সমস্যা রয়েছে। প্রচলিত পুনঃঅর্থায়ন ব্যবস্থায় ব্যাংক প্রথমে নিজস্ব তহবিল থেকে গ্রাহককে অর্থায়ন করে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে তহবিল গ্রহণ করে। এ ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংক ও অংশগ্রহণকারী ব্যাংকের মধ্যকার তহবিল সরবরাহের শর্ত সুদভিত্তিক হলে শরিয়াহসম্মত বিনিয়োগ কাঠামোর সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।
এর বিকল্প হিসেবে ইসলামী ব্যাংকগুলোর জন্য প্রাক্-অর্থায়ন ব্যবস্থা কার্যকর করা যেতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক শুরুতেই অংশগ্রহণকারী ব্যাংককে তহবিল সরবরাহ করবে এবং ব্যাংক নির্ধারিত নীতিমালা অনুযায়ী যোগ্য গ্রাহককে বিনিয়োগ করবে। তহবিল সরবরাহের ক্ষেত্রে রেস্ট্রিকটেড মুদারাবা অথবা ওয়াকালা বিল ইস্তিসমার পদ্ধতি বিবেচনা করা যেতে পারে।
এসব কাঠামোয় তহবিলের ব্যবহার, বিনিয়োগের ক্ষেত্র, মুনাফা বণ্টন ও ঝুঁকি ব্যবস্থাপনার শর্ত আগেই নির্ধারণ করা সম্ভব। তবে মুদারাবা বা ওয়াকালা কাঠামোয় মুনাফা ও ঝুঁকি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট চুক্তির শরিয়াহগত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকের কাঙ্ক্ষিত নীতিগত লক্ষ্য, তহবিলের সুরক্ষা এবং ইসলামী ব্যাংকের শরিয়াহ পরিপালন—এই তিনটি বিষয় সমন্বয় করেই কার্যকর কাঠামো তৈরি করা প্রয়োজন।
তারল্য সংকট, মূলধন ও খেলাপি বিনিয়োগ পুনরুদ্ধার
ইসলামী ব্যাংকগুলোর আর্থিক দুর্বলতা শুধু তারল্য সংকটে সীমাবদ্ধ নয়। অনেক ক্ষেত্রে উচ্চমাত্রার খেলাপি বিনিয়োগ, দুর্বল সম্পদ ব্যবস্থাপনা, অনিয়ম এবং সুশাসনের ঘাটতি ব্যাংকের আয় ও মূলধনকে ক্ষতিগ্রস্ত করেছে। তাই নীতি সহায়তার পাশাপাশি খেলাপি বিনিয়োগ পুনরুদ্ধার, সম্পদের গুণগত মান যাচাই এবং ব্যবস্থাপনার জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
পদ্ধতিগতভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুতর আর্থিক সংকটে থাকা ব্যাংকের ক্ষেত্রে শর্তসাপেক্ষে তারল্য সহায়তা, গ্যারান্টি বা পুনঃমূলধন সরবরাহের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে এ ধরনের সহায়তা যেন অনিয়ম বা দুর্বল ব্যবস্থাপনার পুরস্কারে পরিণত না হয়। এর সঙ্গে স্বাধীন সম্পদ মূল্যায়ন, সুশাসন সংস্কার, শেয়ারহোল্ডারদের অংশগ্রহণ, ব্যবস্থাপনার জবাবদিহি এবং নির্দিষ্ট খেলাপি বিনিয়োগ পুনরুদ্ধার পরিকল্পনা যুক্ত থাকতে হবে। একই সঙ্গে আমানতকারীদের স্বার্থ ও আর্থিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বড় ও দীর্ঘদিনের অনাদায়ি বিনিয়োগ পুনরুদ্ধারে দক্ষ দেশি-বিদেশি সংস্থাকে জু‘আলা পদ্ধতিতে নিয়োগের সুযোগও কার্যকর হতে পারে। এ ব্যবস্থায় প্রকৃতপক্ষে আদায়কৃত অর্থের নির্দিষ্ট অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া সম্ভব। তবে এজেন্সি নির্বাচন, পারিশ্রমিক কাঠামো, গোপনীয়তা, আইনগত পরিপালন এবং শরিয়াহ তদারকির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সুস্পষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন। এতে ব্যাংকের নিজস্ব আদায় সক্ষমতার পাশাপাশি পেশাদার প্রতিষ্ঠানের দক্ষতাও কাজে লাগানো যাবে।
প্রয়োজন সমতাভিত্তিক নিয়ন্ত্রক ব্যবস্থা
ইসলামী ব্যাংকগুলোর জন্য আলাদা কোনো বিশেষ সুবিধা নয়; বরং প্রচলিত ও ইসলামী ব্যাংকিংয়ের চুক্তিগত পার্থক্য বিবেচনায় সমতাভিত্তিক নিয়ন্ত্রক ব্যবস্থা প্রয়োজন। একই নীতির উদ্দেশ্য ও সুবিধা উভয় ধারার ব্যাংকের জন্য নিশ্চিত করতে হলে প্রয়োগপদ্ধতিতে প্রয়োজনীয় পার্থক্য স্বীকার করতে হবে। একে নিয়ন্ত্রক বৈষম্য নয়, বরং নীতির উদ্দেশ্য বাস্তবায়নে যৌক্তিক ও শরিয়াহসম্মত অভিযোজন হিসেবে দেখা উচিত।
এ জন্য বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ থেকে ইসলামী ব্যাংকগুলোর জন্য প্রযোজ্য সার্কুলার জারির আগে শরিয়াহ পরিপালনের বিষয়টি পর্যালোচনা করা প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের মতামত গ্রহণ, প্রয়োজনে আইবিআরপিডির মাধ্যমে পৃথক ধারা সংযোজন অথবা ইসলামী ব্যাংকগুলোর জন্য পৃথক সার্কুলার জারির ব্যবস্থা করা যেতে পারে। পাশাপাশি ব্যাংকগুলোর শরিয়াহ সুপারভাইজরি কমিটির সঙ্গে নিয়মিত পরামর্শ ও সমন্বয়ের ব্যবস্থা থাকলে নীতিমালা বাস্তবায়নের জটিলতা কমবে।
পুনঃতফসিল ও পুনর্গঠনের ক্ষেত্রে প্রকৃত ক্ষতি, জামানতের মূল্য, বিনিয়োগের ধরন এবং গ্রাহকের আর্থিক সক্ষমতা বিবেচনায় নমনীয় কাঠামো তৈরি করতে হবে। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত গ্রাহকের প্রতি সহনশীলতা এবং ইচ্ছাকৃত খেলাপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নীতি সহায়তার পাশাপাশি ব্যাংকের অভ্যন্তরীণ সুশাসন, বিনিয়োগ যাচাই, ঝুঁকি ব্যবস্থাপনা ও আদায় কার্যক্রম শক্তিশালী না হলে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হবে না।
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও ব্যাংকিং খাতের পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ইসলামী ব্যাংকগুলোকে এসব সুবিধা কার্যকরভাবে গ্রহণ করতে হলে তাদের স্বতন্ত্র চুক্তিগত ও শরিয়াহগত বৈশিষ্ট্য বিবেচনায় নেওয়া অপরিহার্য। একই নীতিমালা প্রয়োগের নামে শরিয়াহ পরিপালনের ক্ষেত্রে জটিলতা তৈরি হলে নীতি সহায়তার মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। অন্যদিকে, শরিয়াহসম্মত বিকল্প কাঠামো তৈরি করা গেলে ইসলামী ব্যাংকগুলোও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও বিনিয়োগ সম্প্রসারণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
এ জন্য বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংকসমূহ এবং সংশ্লিষ্ট শরিয়াহ সুপারভাইজরি কমিটির সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নীতি প্রণয়নে শরিয়াহ বিশেষজ্ঞ, ব্যাংকার ও নিয়ন্ত্রক সংস্থার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাস্তবসম্মত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে হবে। এতে একদিকে ইসলামী ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও স্থিতিশীলতা বাড়বে, অন্যদিকে আমানতকারীদের স্বার্থ, বিনিয়োগের নিরাপত্তা এবং দেশের সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে।
লেখক: ব্যাংকার।


