দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে সম্পূর্ণ ‘বাস্তবতাবিবর্জিত’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জের সাম্প্রতিক অপরাধ ও সহিংসতার ভয়াবহ ঘটনাগুলো তুলে ধরে তিনি অভিযোগ করেছেন, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টে খুলনার পরিস্থিতি তুলে ধরে তিনি দাবি করেন, সেখানে গত সাড়ে ১০ মাসে ৭৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জেলার আটটি থানায় সক্রিয় রয়েছে অন্তত ১৮১ জন চিহ্নিত সন্ত্রাসী। চরম নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা শহর ছাড়ছেন এবং নিরাপত্তার দাবিতে চিকিৎসকদের রাস্তায় নামতে হচ্ছে। এ ছাড়া চাঁদাবাজির ভয়ে সাধারণ মানুষও মুখ খুলতে পারছেন না বলে উল্লেখ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লেখেন, প্রধানমন্ত্রী কিংবা পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সফরেও সেখানে সন্ত্রাসীদের তৎপরতা থামছে না। নগর প্রশাসক ও বিএনপি নেতাদের আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ আর খুলনায় থাকতে চাইবে না। একজন সংসদ সদস্যের ভাষ্য উদ্ধৃত করে তিনি বলেন, খুলনা এখন কার্যত ‘মৃত নগরী’তে পরিণত হয়েছে।
পোস্টে কুষ্টিয়ার সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন এই এনসিপি নেতা। তিনি অভিযোগ করেন, সেখানে মাদকবিরোধী অভিযানে আটক কলেজ ছাত্রদলের আহ্বায়ক সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে পুলিশের ওপর সরাসরি হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। ওই হামলায় দুই উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হন।
গোপালগঞ্জের উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের সশস্ত্র মিছিল, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, প্রধানমন্ত্রীর ছবি পদদলিত, জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর, প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ এবং এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার মতো ঘটনা ঘটেছে। এলাকাটিতে দেড় হাজার পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েনের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে দাবি করেন তিনি।
দেশের তিনটি জেলার এই অস্থিতিশীল পরিস্থিতির উদাহরণ দিয়ে তিনি লেখেন, ‘৬৪ জেলার বাংলাদেশের মাত্র তিনটি জেলার চিত্র তুলে ধরলাম। বাকি ৬১ জেলার কথা না হয় বাদই দিলাম।’
এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এত ভয়াবহ ঘটনার পরও মন্ত্রী দাবি করছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দৃশ্যমান কোনো অবনতি হয়নি।
এ প্রসঙ্গে বিশ্বখ্যাত লেখক জর্জ অরওয়েলের উপন্যাস ‘১৯৮৪’-এর ‘মিনিস্ট্রি অব ট্রুথ’-এর উদাহরণ টানেন তিনি। তাঁর ভাষ্য, নাম ‘সত্যের মন্ত্রণালয়’ হলেও উপন্যাসে ওই প্রতিষ্ঠানের মূল কাজ ছিল রাষ্ট্রের সুবিধামতো সত্যকে বিকৃত করা। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও যেন ঠিক একই ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে তীব্র কটাক্ষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত। জর্জ অরওয়েল ‘১৯৮৪’ লিখেছিলেন নিছক কল্পকাহিনি হিসেবে, আর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে সরকারি কর্মপরিকল্পনা হিসেবে বাস্তবায়ন করছেন।
ডিআর




