হাসপাতালের বেডে হাতে হাতকড়া পরানো ২০১৫ সালের একটি ছবি প্রকাশ করে সে সময়ের নির্যাতন ও যন্ত্রণার স্মৃতিচারণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি দাবি করেন, তৎকালীন প্রশাসনের হাতে গুলিবিদ্ধ হয়ে ড্রেনের সুড়ঙ্গে পড়ে যাওয়ার পর তার ঠাঁই হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে পায়ে গুলি নিয়ে প্রায় বিনা চিকিৎসায় বিভীষিকাময় দিন কাটিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘পায়ে গুলি নিয়ে অনেকটা বিনা চিকিৎসায় মেডিকেলে কি বিভীষিকাময় দিন আমি পার করেছি, সেই সব কথা এখন মনে পড়লে চোখ পানিতে ভিজে যায়।’
নয়নের ভাষ্য অনুযায়ী, হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় ছটফট করলেও তখনকার পরিস্থিতিতে চিকিৎসকেরা সেবা দিতে অস্বস্তিবোধ করতেন এবং চাকরি হারানোর ভয়ে হাসপাতালের কেউ এগিয়ে আসতে সাহস পেতেন না।
কঠিন সেই সময়ে ঝুঁকি নিয়ে হাসপাতালে গিয়ে খোঁজখবর নেওয়া ও সাহস জোগানো নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান রবিউল ইসলাম নয়ন। প্রকাশিত ছবিতে পাশে থাকা ব্যক্তিদের মধ্যে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হুমায়ূন কবির ভূঁইয়া হীরার নাম উল্লেখ করে তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ডিআর




