স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে সাংবাদিক মেহেদী হাসান পলাশকে নিয়োগ দিয়েছে সরকার। গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তাঁকে এ পদে নিয়োগ দিয়ে বুধবার (২৫ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেহেদী হাসান পলাশকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
মেহেদী হাসান পলাশ দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি। এ ছাড়া সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনীতি ও নিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মেহেদী হাসান পলাশের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে বিশেষ অধ্যয়ন রয়েছে। বৈশ্বিক রাজনীতির চলমান ঘটনাপ্রবাহ নিয়ে পর্যবেক্ষণ ও লেখালেখি করেন তিনি। ধর্মীয় মূল্যবোধ, জঙ্গিবাদ, সংখ্যালঘু, মানবাধিকার ও দেশপ্রেম তাঁর লেখার মূল উপজীব্য। এ ছাড়া তিনি বেশ কয়েকটি গবেষণাগ্রন্থ রচনা করেছেন।
এনএ





