Image description

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, "সরকারের মেয়াদ এখনও দুই মাস পার হয়নি, কিন্তু এর মধ্যেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। আজ প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করেছেন। পর্যায়ক্রমে দেশের প্রায় আড়াই কোটি কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।"

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর ঈদগাহ মাঠে ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমান প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে ৩৮ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আজ নতুন করে ২২ হাজার কৃষককে কার্ড দেওয়া হচ্ছে। এছাড়া ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যেও কার্ড ও চেক বিতরণ করা হয়েছে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ২২ হাজার কিলোমিটার খাল খনন প্রকল্পের কাজও শুরু হয়েছে।

বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, "আমরা যখন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খননের কথা বলেছি, তখন অনেকেই বিভ্রান্তি ছড়িয়েছিল। কিন্তু আজ মানুষ দেখছে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি উপকারভোগীদের কাছে সুবিধা পৌঁছে যাচ্ছে। দুর্নীতি দমন ও স্বচ্ছতা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।"

এর আগে সকাল সাড়ে ১১টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু, অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও মো. মোস্তাফিজুর রহমান বাবুল।

আলোচনা সভা শেষে ইসলামপুর উপজেলার ১১৫ জন কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ এবং ৪৬০টি বিভিন্ন ফলজ বৃক্ষের চারা তুলে দেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

মানবকণ্ঠ/ডিআর