Image description

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফারুক ইসলাম (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সময় সোমবার (১ জুন) সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

নিহত ফারুক ইসলাম ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুঁজিখা গ্রামের আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘ ১০ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন ফারুক ইসলাম। সর্বশেষ তিন বছর আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। প্রবাসে থাকার পাশাপাশি তিনি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়েও অগ্রণী ভূমিকা পালন করতেন। নিজের মেজো ছেলে মাহফুজুর রহমান ও দুই ভাতিজাসহ এলাকার বেশ কয়েকজনকে তিনি সৌদি আরবে নিয়ে গিয়েছিলেন।

আজ দুপুরে গুঁজিখা গ্রামে ফারুক ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, প্রতিবেশীদের ভিড়। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

প্রতিবেশী আব্দুর রাজ্জাক বলেন, "ফারুক অত্যন্ত বিনয়ী ও পরোপকারী মানুষ ছিলেন। ছুটিতে দেশে আসলে তিনি এলাকার সাধারণ মানুষকে নানাভাবে সাহায্য-সহযোগিতা করতেন। তার এই অকাল মৃত্যুতে পুরো এলাকার মানুষ শোকে স্তব্ধ হয়ে পড়েছে।"

স্বজনরা জানিয়েছেন, ফারুক ইসলামের মরদেহ বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চেয়েছেন তারা।

মানবকণ্ঠ/ডিআর