রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে “রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন” (রোমো) নামে নতুন এক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আগামী দিনের কার্যক্রম পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে রাজশাহী নগরীর একটি কনফারেন্স রুমে আয়োজিত বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. হুজাইফা।
নবগঠিত কমিটিতে মো. হুজাইফাকে আহ্বায়ক এবং বাংলাদেশ টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তুহিন আলীকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হয়েছেন কালের কণ্ঠের নাঈম হোসেন ও মিরর নিউজের সালমান হোসেন। কার্যনির্বাহী সদস্যরা হলেন—ইঞ্জিনিয়ার শামীম রহমান (দৈনিক গণজাগরণ), জোবায়ের আলী (ডেইলি সিটিজেন ভয়েস) এবং তুরিন আলম (আরসি নিউজ)।
সভায় উপস্থিত সাংবাদিকেরা পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ নিয়ে আলোচনা করেন। আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।




Comments