নিজের ও পরিবারের স্বার্থ রক্ষায় প্রয়োজনে আওয়ামী লীগকেও বিসর্জন দিতে পারেন শেখ হাসিনা—এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তাঁর দাবি, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সহিংস কর্মকাণ্ডে সাধারণ নেতাকর্মীরা বিপদের মুখে পড়ছেন। এতে দলটির প্রতি মানুষের সামান্য সহানুভূতিও নষ্ট হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।
পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের ও পরিবারের স্বার্থ। বাংলাদেশের স্বার্থ তো দূরের কথা, প্রয়োজনে আওয়ামী লীগকেও তিনি কোরবানি দিতে পারেন। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরপরই আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্রশস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
আসিফ নজরুলের ভাষ্য, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। এর পেছনে তাঁর নির্দেশনা বা প্ররোচনা রয়েছে বলে বিশ্বাস করার বহু কারণ আছে বলেও মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে নিয়ে এসেছেন। এর ফলে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের অনেককে প্রচণ্ড বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে। দলটির প্রতি যাঁদের সামান্য সহানুভূতিও ছিল, তাঁদের জন্যও এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলা কঠিন হয়ে পড়ছে বলে মনে করেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত জিঘাংসা ছিল বলেও পোস্টে উল্লেখ করেন আসিফ নজরুল। তাঁর অভিযোগ, শেখ হাসিনার অনুগতদের কর্মকাণ্ডে সেই মনোভাবের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। গত এক মাসে তারা গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগের নেত্রী ও তাঁর অনুসারীরা হয়তো বিবেচনায় আনছেন না যে ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। তাঁর মতে, গ্রামীণ ব্যাংকের ওপর হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রচেষ্টাকে আরও অগ্রহণযোগ্য করে তুলতে পারে।
পোস্টের শেষাংশে শেখ হাসিনার রাজনৈতিক কৌশল নিয়ে রূপক অর্থে ‘সুইসাইড বম্বার’ বা আত্মঘাতী বোমারুর প্রসঙ্গ তোলেন আসিফ নজরুল। তিনি লেখেন, মনে হচ্ছে শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন। তবে এই আত্মঘাতী বোমায় ক্ষতবিক্ষত হবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, শেখ হাসিনা নিজে নন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে তাঁদের নেত্রী যে দলটিকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, তা তাঁরা আর কবে উপলব্ধি করবেন?




