এক চোটের ধাক্কা সামলে মাঠে ফিরেছিলেন, কিন্তু ফিরেই যেন আরও বড় দুঃসংবাদ অপেক্ষা করছিল দেজিরে দুয়ের জন্য। আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের হয়ে খেলতে গিয়ে প্রতিপক্ষের কনুইয়ের আঘাতে সামনের একটি দাঁত প্রায় হারাতে বসেছিলেন তিনি; সেই ধাক্কা সামলে মাঠে ফিরলেও এবার ছিঁড়েছে তার ডান হাঁটুর লিগামেন্ট। শিগগিরই অস্ত্রোপচার করাতে হবে ২১ বছর বয়সী এই ফুটবলারকে এবং এই চোটে চলতি মৌসুমের বড় একটা সময়, এমনকি বাকি মৌসুমও মিস করার শঙ্কা তৈরি হয়েছে।
রোববার (২২ নভেম্বর) আনুষ্ঠানিক বিবৃতিতে দুয়ের গুরুতর চোটের খবর নিশ্চিত করেছে তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ক্লাবটি জানিয়েছে, শনিবার নিসের বিপক্ষে ফ্রেঞ্চ লিগ আঁ-এর ম্যাচে ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যায় দুয়ের। এক সপ্তাহ পর তার অস্ত্রোপচার করা হবে।
দাঁত ভাঙার ঘটনাটি ঘটেছিল গত ১২ নভেম্বর ইতালির বিপক্ষে ফ্রান্সের ম্যাচে। সান সিরোয় ম্যাচের ৭১ মিনিটে ইতালির মিডফিল্ডার দাভিদ ফ্রাত্তেসির কনুইয়ের আঘাতে দুয়ের সামনের একটি দাঁত নড়ে যায় এবং মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে দাঁতটি স্থিতিশীল করা হয় এবং দন্তচিকিৎসকের শরণাপন্ন হতে হয় তাকে। এরপর নিসের বিপক্ষে মুখে সুরক্ষার জন্য গার্ড পরে খেলতে নেমেছিলেন দুয়ে।
নিসের বিপক্ষে গোলও করেছিলেন এই ফরোয়ার্ড; সেঁনি মায়ুলুর পেনাল্টি থেকে সমতা ফেরানোর ৫৫ সেকেন্ড পরই গোল করে পিএসজিকে এগিয়ে দেন তিনি। তবে প্রথমার্ধের শেষ দিকে সোফিয়ান দিওপের সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় ডান হাঁটুতে অস্বাভাবিক মোচড় লাগে দুয়ের। কোনো শারীরিক সংঘর্ষ না হলেও মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং পরে কাঁদতে কাঁদতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।
ম্যাচ শেষে তখনো চোটের ধরন নিশ্চিত না হলেও পিএসজি কোচ লুইস এনরিকে জানিয়েছিলেন, এটি গুরুতর। তিনি বলেন, ‘ঠিক কী হয়েছে, তা জানতে আমাদের চূড়ান্ত পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করতে হবে। তবে এটি গুরুতর চোট। বিষয়টি স্পষ্ট। টেলিভিশনের ছবিতেই আমরা তা দেখেছি।’
দুয়ের মানসিক অবস্থা নিয়ে লুইস এনরিকে বলেন, ‘সে খুব কষ্ট পাচ্ছে ও উদ্বিগ্ন। তবে আমি নিশ্চিত, সে খুব ভালোভাবে সেরে উঠবে এবং আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবে।’
চলতি মৌসুমে পিএসজির আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় দেজিরে দুয়ে; সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ৬টি এবং অ্যাসিস্ট ৪টি। তাকে হারানো তাই বড় ধাক্কা ক্লাবটির জন্য। এরই মধ্যে একই ধরনের চোটে মাঠের বাইরে আছেন পিএসজির আরেক তারকা ফরোয়ার্ড খিচা কাভারাস্কেইয়া।
ডিআর




