উল্টানো কাঁসার থালার মতো সূর্যটা ডুবে যাচ্ছে ধনুক আকৃতির কর্ণফুলীর অতল জলে। আকাশে ছড়িয়ে যাচ্ছে সারাদিন আলো বিলিয়ে ক্লান্ত হয়ে যাওয়া সূর্যের ম্রিয়মাণ রক্তিম আভা, টলটলে জলে সেই প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ষোড়শী পুষ্পকুন্তলা তার নিয়মিত ভাবনার জট খুলতে থাকে। প্রতিদিনের মতো আজও এই সূর্যডোবা ক্ষণে তার মনে শুধু একটি ভাবনাই দোল খায়। আরাকানের চোখ ধাঁধানো সুন্দরী রাজকুমারী প্রেমে পড়েছিল চট্টগ্রামের এক আদিবাসী রাজপুত্রের। কোনো এক চাঁদনি রাতে জোছনা গায়ে মেখে তারা বের হয় নৌবিহারে। শুক্লপক্ষের চাঁদকে সাক্ষী রেখে রাজপুত্র একটি নাম না-জানা ফুল কানে গুঁজে দেয় ....