স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যুর তিন দিন পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। সোমবার (২৬ জানুয়ারি) মানবিক বিবেচনায় তাকে ছয় মাসের জামিন প্রদান করা হয়।
এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময় তার পাশে ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার পরদিন শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে সাদ্দামকে শেষবারের মতো তার স্ত্রী ও সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয়। কারা কর্তৃপক্ষ জানায়, মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে পরিবারের ছয় সদস্যকে কারা ফটকে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং সাদ্দামকে প্রায় পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল।
এদিকে স্ত্রী ও সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি না দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, প্যারোলে মুক্তির বিষয়ে সাদ্দামের পরিবার যশোর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত আবেদন করেনি। পরিবারের মৌখিক ইচ্ছার ভিত্তিতেই জেলগেটে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মানবিক দিক বিবেচনায় জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করেছে। পাশাপাশি প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে—এমন সংবাদকে ভিত্তিহীন বলেও দাবি করা হয়।
মানবকণ্ঠ/আরআই




