কৌতূহলবশত নিজেদের বাড়ির সামনে সংঘর্ষ ও হামলা-ভাঙচুরের ঘটনা মোবাইল ফোনে ভিডিও করার অপরাধে আবির ইউসুফ মোল্লা (২৫) নামে এক তৈরি পোশাককর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় এ নির্মম ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইউসুফ চাঁদপুরের শাহরাস্তি থানার মফিজ মোল্লার ছেলে। তিনি স্ত্রীসহ ফতুল্লায় ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। মাত্র আট মাস আগে বিয়ে করা ইউসুফের স্ত্রী নাহিদা ইয়াসমিন বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।
মঙ্গলবার কারখানা থেকে বেতন নিয়ে বাসায় ফেরার পর কিছুটা অসুস্থ বোধ করায় ওষুধ কেনার কথা বলে কিছু টাকা ও মোবাইল ফোন নিয়ে বাইরে বের হয়েছিলেন ইউসুফ। এর কিছুক্ষণ পরই তার ওপর হামলার খবর আসে।
স্বামীকে হারিয়ে শোকে পাথর হয়ে পড়েছেন অন্তঃসত্ত্বা স্ত্রী নাহিদা। কান্নামিশ্রিত কণ্ঠে তিনি বলেন, “আমাদের বিয়ের বয়স মাত্র আট মাস। আমাকে রেখে আমার স্বামী চলে গেল। আমি সাত মাসের অন্তঃসত্ত্বা, এখন এই অনাগত সন্তানকে নিয়ে আমি কীভাবে বাঁচব?”
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফতুল্লার তক্কার মাঠ এলাকায় দেলোয়ার রহমান দেলু নামে এক ব্যক্তির বাড়ির সামনে একদল লোককে দেশীয় অস্ত্র নিয়ে কোপাকুপি ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করতে দেখেন ইউসুফ। কৌতূহলবশত ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করলে অস্ত্রধারীরা তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি কুপিয়ে পিঠে ও মেরুদণ্ডে গুরুতর জখম করে।
স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাড়ির মালিক দেলোয়ার হোসেন দিলুর দেওয়া তথ্য অনুযায়ী, তার দায়ের করা এক চাঁদাবাজির মামলায় জামিন পাওয়া ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানের লোকজন রাতে তার বাড়িতে হামলা ও ভাঙচুর করতে আসে। ভাড়াটিয়া ইউসুফ সে ঘটনার ভিডিও ধারণ করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আদালতে মারামারির ঘটনার জের ধরে দিলুর বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছিল। মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারণ করায় ইউসুফকে কুপিয়ে আহত ও পরবর্তীতে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




