নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া আট বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করলেও শেষ পর্যন্ত নিজেই প্রাণ হারালেন মো. ছকিনুর ইসলাম (৩০) নামে এক পোশাক শ্রমিক। শিশুটিকে উদ্ধার করে ওপরে ওঠার আগেই জরাজীর্ণ সেপটিক ট্যাংকের দেয়াল ও পাড়ের মাটি ধসে চাপা পড়েন তিনি; পরে ফায়ার সার্ভিসের দীর্ঘ ৯ ঘণ্টার অভিযানে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার দরগার পাড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ছকিনুর ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ছিট রাজীব গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার স্থানীয় এনআরএল গ্রুপে কাটিং বান্ডেলম্যান হিসেবে কর্মরত ছিলেন এবং দরগার পাড় এলাকায় লেদুর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন; তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে জীবিত উদ্ধার হওয়া শিশুটির নাম শাহিন কাজী লাভলু (৮), যে স্থানীয় দিনমজুর শাহাবুদ্দিন ও লাইলি দম্পতির সন্তান।
প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মী রবিউল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে মধ্য গাজীরচট এলাকার একটি পুকুরের পাশে থাকা পরিত্যক্ত সেপটিক ট্যাংকের জমে থাকা পানিতে ছিপ দিয়ে মাছ শিকার করছিল শিশু শাহিন। এ সময় অসাবধানতাবশত সে ট্যাংকের পানিতে পড়ে গেলে হাবুডুবু খেতে দেখে তাৎক্ষণিকভাবে ট্যাংকে নেমে পড়েন ছকিনুর ইসলাম।
একপর্যায়ে তিনি শিশুটিকে টেনে তুলে নিরাপদ স্থানে পৌঁছে দেন, কিন্তু নিজে ট্যাংক থেকে ওপরে ওঠার আগেই হঠাৎ জরাজীর্ণ ট্যাংকের দেয়াল ও পাড়ের মাটি ধসে তাঁর ওপর পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিনি।
ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পানি সেচে ও ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪-এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, চৌবাচ্চাটিতে প্রায় পাঁচ ফুট গভীর পানির নিচে দেয়ালচাপা অবস্থায় এক ব্যক্তির দেহের অংশ দেখা যাচ্ছিল; রাত ১০টার দিকে ট্যাংকের পানি সেচে ফেলার পর দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার প্রচেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ বলেন, ফায়ার সার্ভিসের দীর্ঘ কয়েক ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর রাত ১১টা ৩০ মিনিটে পোশাক শ্রমিক ছকিনুর ইসলামের মরদেহ উদ্ধার করা হয় এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিআর




