কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে কণ্ঠস্বর নকল করে অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করছে একটি প্রতারক চক্র। সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দেওয়া বিজ্ঞপ্তি থেকে পরিবারের সদস্যদের ফোন নম্বর সংগ্রহ করে এ প্রতারণা চালানো হচ্ছে। এরপর সন্তানের কণ্ঠ নকল করে ফোনে কান্না ও বাঁচার আকুতি শোনানো হয়। আতঙ্কিত স্বজনরা কোনো কিছু যাচাই না করেই প্রতারকদের পাঠানো নম্বরে টাকা পাঠিয়ে দিচ্ছেন।
সম্প্রতি রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী আলভি রহমানের (ছদ্মনাম) পরিবারের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। গত ২ অক্টোবর আলভি বিশ্ববিদ্যালয়ে ক্লাসে থাকা অবস্থায় তাঁর বাবা কামরুল ইসলামের কাছে ফোন আসে। অপর প্রান্ত থেকে জানানো হয়, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে। মুক্তি পেতে হলে দুই লাখ টাকা দিতে হবে, অন্যথায় তাঁকে নির্যাতন করা হবে।
ছেলের সঙ্গে কথা বলতে চাইলে প্রতারকরা আলভির কণ্ঠের মতো হুবহু একটি কণ্ঠ শোনায়। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে, ‘বাবা, আমাকে বাঁচাও। ওরা আমাকে ধরে এনেছে।’ সন্তানের কণ্ঠ শুনে বিচলিত হয়ে কোনো কিছু যাচাই না করেই এক লাখ টাকা পাঠিয়ে দেন কামরুল ইসলাম। ঘটনার প্রায় ১৫ মিনিট পর আলভি ক্লাস থেকে বের হলে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তাঁরা প্রতারণার শিকার হয়েছেন।
কামরুল ইসলাম জানান, বিষয়টি বুঝতে পেরে তিনি বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এভাবে অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ আদায়ের ঘটনা আগে কখনো শোনেননি বলেও জানান তিনি। তবে ছেলে নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেন।
একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর এলাকায়। হৃদয়ন আনসারী নামে এক তরুণ গাজীপুর থেকে রাজধানীর মগবাজারে যাওয়ার পথে অপহৃত হয়েছেন বলে তাঁর পরিবারের কাছে ফোন করা হয়। অজ্ঞাত ব্যক্তিরা দাবি করেন, হৃদয়ন তাঁদের জিম্মায় রয়েছেন। তাঁকে মুক্ত করতে ৫০ হাজার টাকা দিতে হবে।
সন্তানের নিরাপত্তার কথা ভেবে পরিবারের সদস্যরা বিভিন্ন মোবাইল আর্থিক লেনদেনের নম্বরে মোট ৪০ হাজার টাকা পাঠান। কিন্তু এরপরও হৃদয়নের সন্ধান না পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেন তাঁরা। তদন্তে জানা যায়, হৃদয়নকে বাস্তবে অপহরণ করা হয়নি। তাঁকে জিম্মি না করেই অপহরণের নাটক সাজিয়ে টাকা আদায় করছিল একটি অনলাইন প্রতারক চক্র।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চক্রটির মূল হোতা মো. ফয়সাল আহমেদ (৩১) ও তাঁর সহযোগী মো. আল-আমিনকে (৩৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার মো. মেহেদী ইমরান সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা প্রতারণার কৌশল সম্পর্কে তথ্য দিয়েছেন।
তিনি বলেন, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে ফেসবুকে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দেওয়া বিজ্ঞপ্তি পর্যবেক্ষণ করতেন। সেখান থেকে তাঁদের পরিবারের সদস্যদের মোবাইল নম্বর সংগ্রহ করে অপহরণকারী পরিচয়ে ফোন দিতেন এবং মুক্তিপণ দাবি করতেন।
প্রযুক্তিবিদ ও সাইবার বিশেষজ্ঞ জাহাঙ্গীর আলম স্বপন বলেন, সন্তানের বিপদের খবর যেকোনো অভিভাবকের জন্যই উদ্বেগের। প্রতারকরা সেই আবেগ ও আতঙ্ককে কাজে লাগাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ ব্যক্তির ছবি, পরিচয় ও পরিবারের যোগাযোগের তথ্য প্রকাশের ফলে প্রতারকরা সহজেই প্রয়োজনীয় তথ্য পেয়ে যাচ্ছে। এসব তথ্য কাজে লাগিয়ে তারা বিশ্বাসযোগ্য অপহরণের গল্প তৈরি করছে।
এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে জরুরি পরিস্থিতিতে পরিবারের সদস্যদের পরিচয় নিশ্চিত করার জন্য আগে থেকেই একটি গোপন সংকেত বা পাসওয়ার্ড নির্ধারণ করে রাখার পরামর্শ দিয়েছেন এই সাইবার বিশেষজ্ঞ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের অতিরিক্ত ছবি, ভিডিও এবং কণ্ঠস্বরের রেকর্ড সবার জন্য উন্মুক্ত না রাখার পরামর্শও দিয়েছেন তিনি।
বিএইচ





