প্রায় ৪৭ বছর ধরে ব্যবহৃত দলীয় লোগোতে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দলের পরিচিতি ও প্রতীকে আধুনিকতার ছোঁয়া দিতে নতুন লোগো তৈরির পাশাপাশি দলীয় প্যাড ও পতাকার নকশাও পরিবর্তনের পরিকল্পনা করছে দলটি।
দীর্ঘদিন ধরে জামায়াতের প্রচলিত লোগোতে ছিল সবুজ গম্বুজ, তার ওপরে দাঁড়িপাল্লা, গম্বুজের ভেতরে আরবি হরফে আল্লাহু এবং নিচে ‘আকিমুদ্দিন’ লেখা।
তবে দলটির নেতাদের ভাষ্য, বর্তমান লোগোটি কোনো আনুষ্ঠানিক ফোরামে আলোচনা কিংবা সিদ্ধান্তের মাধ্যমে তৈরি হয়নি। এ কারণে সাংগঠনিকভাবে আলোচনা করে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নতুন লোগো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার বিভিন্ন উপকরণ ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে নির্বাচনের সময়সীমা ও নানা কাজের চাপের কারণে লোগো পরিবর্তনের বিষয়টি নিয়ে আর এগোনো সম্ভব হয়নি। পরে বিষয়টি আপাতত মুলতবি রাখা হয়।
দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রচলিত লোগোটির ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন সভায় বা কী সিদ্ধান্তের ভিত্তিতে এটি তৈরি হয়েছিল, সেটিও স্পষ্ট নয়। লোগোটি সাধারণ মানের হওয়ায় নতুন কিছু ধারণা নিয়ে কাজ করার পরিকল্পনা করা হয়েছে।
নতুন লোগোর নকশায় দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, দলীয় স্লোগান, লাল-সবুজের রং এবং গ্রামীণ বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে দলের আদর্শ, মূল্যবোধ, বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিফলন রাখার পরিকল্পনা রয়েছে।
দলটির নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, লোগোর পাশাপাশি দলের আদর্শ, দেশ, জাতীয় পতাকা এবং লাল-সবুজের রং—সবকিছু মিলিয়ে নতুন নকশা তৈরির চেষ্টা করা হবে।
পরিবর্তনের উদ্যোগ শুধু লোগোতেই সীমাবদ্ধ থাকছে না। নতুন নকশায় তৈরি করা হবে দলীয় প্যাড ও পতাকাও।
এ বিষয়ে এহসানুল মাহবুব জুবায়ের জানান, লোগো ও প্যাডের পাশাপাশি দলীয় পতাকা নিয়েও আলোচনা ও পর্যালোচনা চলছে। নতুন লোগো প্রকাশের সময় দলীয় পতাকার একটি প্রস্তাবও উপস্থাপন করা হবে।
লোগো, প্যাড ও পতাকার নতুন নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সাত সদস্যের একটি কমিটিকে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরকে এই কমিটির প্রধান করা হয়েছে। সাংগঠনিক আলোচনার মাধ্যমে নতুন নকশা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে দলটির।
বিএইচ





