গতকাল (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর ঝলক দেখা যায়। ঢাকা, নরসিংদী, পঞ্চগড়, রাজশাহী, কুষ্টিয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে উজ্জ্বল এই আলোর দৃশ্য দেখতে পান অনেকে। পরে অনেকে এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এ নিয়ে শুরু হয় নানা আলোচনা ও কৌতূহল।
তবে আকাশে দেখা ওই আলো কোনো উল্কাপিণ্ড বা অজানা মহাজাগতিক বস্তু নয়। এটি ছিল চীনের একটি স্যাটেলাইট উৎক্ষেপণের সময় রকেটের তৈরি আলোকচ্ছটা।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেডের (বিডব্লিউওটি) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। চায়না ডেইলির প্রতিবেদনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ২৭ নভেম্বর চীনের স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫ মিনিট) দেশটির তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ইয়াওগান ৫০ডি নামের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট নিয়ে রকেটটি মহাকাশে যাত্রা করে।
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, উৎক্ষেপণের প্রায় ১২ থেকে ১৫ মিনিট পর রকেটের দ্বিতীয় ধাপটি ভূপৃষ্ঠ থেকে কয়েক শ কিলোমিটার উচ্চতায় পৌঁছে স্যাটেলাইটটিকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করে। এ সময় অতিরিক্ত গ্যাস নিঃসরণের কারণে আকাশে উজ্জ্বল আলোর দৃশ্য তৈরি হয়, যা বাংলাদেশ থেকেও দেখা গেছে।
চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশন (সিএএসসি) রকেট উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ ৬এ রকেটটি উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে ইয়াওগান ৫০ডি স্যাটেলাইটটি নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়েছে।
স্যাটেলাইটটি তৈরি করেছে চায়না একাডেমি অব স্পেস টেকনোলজি। ভূমিসম্পদ জরিপ, কৃষি উৎপাদনের পূর্বাভাস এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে এটি ব্যবহার করা হবে বলে জানিয়েছে চীন।
লং মার্চ ৬এ রকেটটির দৈর্ঘ্য প্রায় ৫০ মিটার। এতে রয়েছে একটি তরল জ্বালানিচালিত মূল বুস্টার এবং চারটি কঠিন জ্বালানিচালিত সাইড বুস্টার।
আগেও দেখা গেছে এমন দৃশ্য
রকেট উৎক্ষেপণের পর আকাশে এ ধরনের আলোকচ্ছটা দেখা যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগে যুক্তরাষ্ট্র, ইউরোপ, আলাস্কা ও নিউজিল্যান্ডের আকাশেও এমন সর্পিল আলোর দৃশ্য দেখা গেছে।
চলতি বছরের ৮ মে সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের আকাশেও দেখা গিয়েছিল রহস্যময় উজ্জ্বল আলোর রেখা। পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সেটি কোনো মহাজাগতিক বস্তু ছিল না। ভারতের পরমাণু অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক ‘অগ্নি’ সিরিজের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময় ওই আলোর সৃষ্টি হয়েছিল।
বিএইচ





