বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। অন্যদিকে, তালিকার শীর্ষে থাকা আফগানিস্তানের রাজধানী কাবুলের বায়ুমান ৪৭৭, যা ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ৪৪৩। ৪১২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ। চতুর্থ অবস্থানে থাকা মিশরের কায়রোর বায়ুমান ৩৯৯। আর ২৫৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০-কে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।
বিএইচ





