জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়; এটি বর্তমান বিশ্বের অন্যতম বড় বাস্তবতা। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, বন্যা ও ঘূর্ণিঝড় মানুষের জীবন-জীবিকা এবং অর্থনীতিকে ক্রমেই বিপর্যস্ত করছে। অথচ প্রায় তিন দশক ধরে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে একের পর এক প্রতিশ্রুতি দেওয়া হলেও সংকট মোকাবিলায় প্রত্যাশিত অগ্রগতি এখনো দৃশ্যমান নয়।
এই বাস্তবতায় ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) নতুন করে আশার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সামনে এনেছে। এবারের সম্মেলনে পূর্ববর্তী সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বনেতারা এবারও কি নতুন অঙ্গীকারের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, নাকি বাস্তব পরিবর্তনের পথ তৈরি করবেন?
জলবায়ু কূটনীতির দীর্ঘ পথচলা
আন্তর্জাতিক জলবায়ু সহযোগিতার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৯২ সালে ব্রাজিলের রিও ধরিত্রী সম্মেলনে। সেখানে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদ গৃহীত হয়। এর মধ্য দিয়ে স্বীকৃতি পায় যে জলবায়ু সংকট মোকাবিলায় সব দেশের দায়িত্ব সমান নয়। শিল্পোন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় এবং উন্নয়নশীল দেশগুলোর সীমিত সক্ষমতাও বিবেচনায় নিতে হবে।
১৯৯৫ সালে প্রথম জলবায়ু সম্মেলন বা কপ অনুষ্ঠিত হয়। এরপর ১৯৯৭ সালের কিয়োটো প্রটোকলে উন্নত দেশগুলোর জন্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বাধ্যতামূলক লক্ষ্য নির্ধারণ করা হয়। তবে সীমিত অংশগ্রহণ ও বাস্তবায়নের দুর্বলতার কারণে এই উদ্যোগ প্রত্যাশিত ফল দিতে পারেনি।
২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনে উন্নত দেশগুলো ২০২০ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই লক্ষ্য পূরণ হয়নি। ওইসিডির হিসাব অনুযায়ী, ২০২২ সালে প্রথমবারের মতো এ অর্থায়ন ১১৫ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছায়। দীর্ঘ বিলম্ব উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আস্থার সংকটকে আরও বাড়িয়ে তোলে।
২০১৫ সালের প্যারিস চুক্তি জলবায়ু কূটনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং তা ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখার প্রচেষ্টা চালানোর লক্ষ্য নির্ধারিত হয়। পাশাপাশি পাঁচ বছর পরপর দেশগুলোর জাতীয় জলবায়ু প্রতিশ্রুতি আরও উচ্চাভিলাষী করার কথা বলা হয়।
একের পর এক সম্মেলন, কতটা অর্জন?
২০২১ সালে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত কপ২৬-এ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ধীরে ধীরে কমানো এবং অদক্ষ জীবাশ্ম জ্বালানি ভর্তুকি হ্রাসের আহ্বান জানানো হয়। তবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার পুরোপুরি বন্ধ করার বিষয়ে নির্দিষ্ট ও বাধ্যতামূলক সময়সীমা নির্ধারণ করা সম্ভব হয়নি।
২০২২ সালের মিসরের শারম আল-শেখে অনুষ্ঠিত কপ২৭-এর অন্যতম বড় অর্জন ছিল জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ‘লস অ্যান্ড ড্যামেজ’ বা ক্ষয়ক্ষতি তহবিল প্রতিষ্ঠার সিদ্ধান্ত। জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলকভাবে কম দায়ী অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য এটি ছিল ন্যায্যতার প্রশ্নে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
এরপর ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮-এ প্রথম বৈশ্বিক অগ্রগতি মূল্যায়ন সম্পন্ন হয়। সেখানে জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগত ও সুশৃঙ্খল উত্তরণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনক্ষমতা তিন গুণ করা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির বার্ষিক হার দ্বিগুণ করার লক্ষ্য সামনে আসে।
২০২৪ সালের আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ২৯-এ জলবায়ু অর্থায়ন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়। পাশাপাশি সরকারি ও বেসরকারি উৎস মিলিয়ে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার অর্থায়ন সম্প্রসারণের বৃহত্তর লক্ষ্য সামনে আসে।
তবে উন্নয়নশীল দেশগুলোর অনেকের কাছেই এই অর্থায়ন প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। বিশেষ করে জলবায়ু অভিযোজন, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিপুল অর্থের প্রয়োজন। শুধু অর্থের পরিমাণ বাড়ালেই হবে না, সেই অর্থ অনুদান হিসেবে দেওয়া হচ্ছে নাকি ঋণ হিসেবে—সেটিও গুরুত্বপূর্ণ। কারণ ঋণনির্ভর সহায়তা জলবায়ুঝুঁকিতে থাকা দেশগুলোর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে পারে।
কপ৩০-এর অর্জন ও সীমাবদ্ধতা
২০২৫ সালে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০-এ বাস্তবায়নকে গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও অনেক পুরোনো বিতর্কের সমাধান হয়নি। সম্মেলনে ‘বেলেম পলিটিক্যাল প্যাকেজ’ গৃহীত হয়। অভিযোজন অর্থায়ন ২০৩৫ সালের মধ্যে অন্তত তিন গুণ করার আহ্বান, অভিযোজনের অগ্রগতি পরিমাপের সূচক এবং বাস্তবায়ন ত্বরান্বিত করার বিভিন্ন উদ্যোগ ছিল এর উল্লেখযোগ্য দিক।
তবে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়ে বাধ্যতামূলক ও সময়সীমাভিত্তিক রূপরেখা সম্মিলিত সিদ্ধান্তে অন্তর্ভুক্ত করা যায়নি। ফলে জলবায়ু সংকটের অন্যতম প্রধান কারণ মোকাবিলায় আন্তর্জাতিক ঐকমত্যের ঘাটতি আবারও সামনে আসে।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ২০২৫ সালের মূল্যায়নও উদ্বেগ বাড়িয়েছে। সংস্থাটির হিসাবে, বিদ্যমান নীতিমালা অব্যাহত থাকলে শতাব্দীর মধ্যে পৃথিবীর তাপমাত্রা প্রায় ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দেশগুলোর ঘোষিত জাতীয় প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত হলেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা ২ দশমিক ৩ থেকে ২ দশমিক ৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে। অর্থাৎ প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব এখনো অনেক পিছিয়ে।
বাংলাদেশের জন্য কপ৩১ কেন গুরুত্বপূর্ণ?
জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় তুলনামূলকভাবে কম হলেও ক্ষতির ঝুঁকি অত্যন্ত বেশি। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান প্রায় শূন্য দশমিক ৪৪ শতাংশ। অথচ উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, বন্যা, খরা ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে কৃষি, মৎস্য, পানিসম্পদ, অবকাঠামো এবং মানুষের জীবন-জীবিকা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে।
বাংলাদেশের ২০২৫ সালে দাখিল করা জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে স্বাভাবিক প্রবণতায় সম্ভাব্য নিঃসরণের তুলনায় মোট ২০ দশমিক ৩১ শতাংশ কমানোর লক্ষ্য রয়েছে। এর মধ্যে নিজস্ব উদ্যোগে ৬ দশমিক ৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভর করে অতিরিক্ত ১৩ দশমিক ৯২ শতাংশ নিঃসরণ কমানোর পরিকল্পনা রয়েছে।
এই লক্ষ্য বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জলবায়ুসহিষ্ণু কৃষি, আধুনিক সেচব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে অর্থ সংগ্রহের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
কপ৩১-এ বাংলাদেশের কূটনৈতিক অবস্থান হওয়া উচিত কয়েকটি বিষয়ে সুস্পষ্ট ও দৃঢ়। প্রথমত, জলবায়ু অর্থায়নে অনুদানকে অগ্রাধিকার দিতে হবে। দ্বিতীয়ত, ক্ষয়ক্ষতি তহবিল থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করতে হবে। তৃতীয়ত, উন্নত প্রযুক্তি হস্তান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বাস্তবায়নযোগ্য প্রকল্পের জন্য অর্থায়ন আদায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।
প্রতিশ্রুতি নয়, জবাবদিহি নিশ্চিত করতে হবে
জলবায়ু সম্মেলনগুলোর অর্জন একেবারে অস্বীকার করার সুযোগ নেই। প্যারিস চুক্তি, ক্ষয়ক্ষতি তহবিল, নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা এবং জলবায়ু অর্থায়নের বিভিন্ন কাঠামো আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ অগ্রগতি। কিন্তু এসব উদ্যোগের প্রকৃত সাফল্য নির্ভর করছে বাস্তবায়নের ওপর।
প্রতিটি সম্মেলনে নতুন নতুন প্রতিশ্রুতি দেওয়া হলেও আগের প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটা হয়েছে, তার যথাযথ জবাবদিহি নিশ্চিত করা জরুরি। কোন দেশ কতটা নিঃসরণ কমিয়েছে, প্রতিশ্রুত অর্থের কতটুকু ছাড় করেছে এবং সেই অর্থ প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছেছে কি না—এসব বিষয়ে স্বচ্ছ হিসাব থাকতে হবে।
কপ৩১ তাই কেবল আরেকটি আন্তর্জাতিক সম্মেলন হিসেবে বিবেচিত হলে চলবে না। এটি হতে হবে পূর্ববর্তী সিদ্ধান্ত বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেওয়ার মঞ্চ। উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়িত্ব স্বীকার, উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য অধিকার নিশ্চিত এবং জলবায়ু অর্থায়নে বৈষম্য দূর করার বিষয়ে বাস্তব অগ্রগতি প্রয়োজন।
পৃথিবীকে রক্ষার জন্য এখন আর দীর্ঘ প্রতিশ্রুতির তালিকা প্রয়োজন নেই। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং কার্যকর জবাবদিহি। কপ৩১-এর সাফল্য নতুন কতটি ঘোষণা দেওয়া হলো, তা দিয়ে নয়; বরং আগের অঙ্গীকারের কতটুকু বাস্তবায়িত হলো এবং জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন এল, তা দিয়েই মূল্যায়ন করা উচিত।
এনএ




