ময়মনসিংহে ডাল কাটা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে গৃহবধূ খুন, আটক ২
ময়মনসিংহে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে ভাসুরের ছুরিকাঘাতে মোছা. সুমি ওরফে সুমা (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক ভাসুর মো. খলিল (৩৫) এবং তার স্ত্রী নাছিমা (৪০) কে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নিহত সুমা ওই এলাকার মো. অলিউল্লাহর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুমার স্বামী অলিউল্লাহ তাদের ঘরের পাশে লাগানো একটি গাছের ডাল কাটছিলেন। এ সময় অলিউল্লাহর বড় ভাই খলিলের স্ত্রী নাছিমা ডাল কাটতে বাধা দেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। উত্তেজনার একপর্যায়ে খলিল ঘর থেকে ধারালো ছুরি এনে সুমার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত খলিল ও তার স্ত্রীকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং বর্তমানে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments