আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি সামিরা খান মাহি। দর্শকদের ভোটে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে ছিটকে গেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতার প্রথম বাছাইয়ে সেরা ৩০ প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়। তবে সেই তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের প্রতিনিধি মাহির। ফলে সেমিফাইনাল থেকেই শেষ হয় তাঁর এবারের যাত্রা।
জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে প্রশংসা পেয়েছিলেন মাহি। ২২ নভেম্বর অনুষ্ঠিত ওই পর্বে লাল-সাদা কুমিল্লার ঐতিহ্যবাহী খাদির শাড়ি পরে মঞ্চে হাজির হন তিনি। ‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’ ভাবনায় তৈরি পোশাকটির মাধ্যমে মা ও সন্তানের সম্পর্কের পাশাপাশি মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তা তুলে ধরেন তিনি।
বিশ্বজিৎ মজুমদারের নকশা করা শাড়িটির সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। মাহির পিঠে সংযুক্ত বৃত্তাকার শিল্পকর্মে একজন নারীর শৈশব থেকে মাতৃত্ব ও বার্ধক্যে পৌঁছানোর গল্প ফুটিয়ে তোলা হয়।
এবারের প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও ছিল গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে ভোটের হিসাবে ভালো অবস্থানে ছিলেন মাহি। সাপ্তাহিক ভোটে শীর্ষে থাকার পাশাপাশি মোট ভোটের হিসাবেও এগিয়ে ছিলেন তিনি। তবে দর্শকভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ জায়গা পাওয়ার সুযোগ ছিল সর্বোচ্চ ভোট পাওয়া একজনের। শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারেননি বাংলাদেশের এই প্রতিনিধি।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। ওই বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে সেরা ৩০-এর প্রথম বাছাইয়েই থামল তাঁর প্রতিযোগিতার পথচলা।
বিএইচ




