তুরস্কে আবারও সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে দেশটির বিমান বাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। হেলিকপ্টারটিতে থাকা পাঁচজনের সবাই প্রাণ হারান।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে পাঁচজন সেনাসদস্য নিহত হন।
বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল ফ্রান্সের তৈরি এএস-৫৩২ কুগার সিরিজের। এ ধরনের হেলিকপ্টার সাধারণত সেনা পরিবহনের কাজে ব্যবহৃত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলের মধ্যবর্তী এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ আকাশে ওড়ার পর প্রদেশের তেপেবাসী জেলার একটি খোলা তৃণভূমিতে এটি বিধ্বস্ত হয়।
তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো জানায়নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুর্ঘটনাস্থলে জরুরি সেবার বিভিন্ন যানবাহন মোতায়েন করা হয়।
এর আগে গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে এস-৭০ সিরিজের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় চার সেনাসদস্য নিহত হন। মাত্র ১২ দিনের ব্যবধানে দেশটিতে দ্বিতীয়বারের মতো সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। আগের দুর্ঘটনার কারণও এখনো জানা যায়নি।
সূত্র: এএফপি, এনডিটিভি।
বিএইচ




