আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি ক্যাথরিন কনোলির কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানী ডাবলিনে রাষ্ট্রপতির সরকারি বাসভবন আরাস অ্যান উখতারাইনে এক অনুষ্ঠানে তিনি এ পরিচয়পত্র পেশ করেন।
এ সময় রাষ্ট্রদূত নূরে আলম বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি ও দেশটির জনগণকে শুভেচ্ছা জানান। পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছাও পৌঁছে দেন।
রাষ্ট্রদূত বলেন, ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় আয়ারল্যান্ড। ডাবলিনে বাংলাদেশের আবাসিক দূতাবাস স্থাপন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক এবং নতুন অধ্যায়ের সূচনা করেছে।
তিনি আয়ারল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে, যার অনেকটাই এখনো কাজে লাগানো সম্ভব হয়নি। এ সময় আয়ারল্যান্ডের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি ঢাকায় দেশটির একটি আবাসিক দূতাবাস স্থাপনের আহ্বান জানান তিনি।
বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগকে সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরেন নূরে আলম।
বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগে উৎসাহিত করতে এবং স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে জনশক্তির চাহিদা পূরণে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ কর্মসূচিতে আয়ারল্যান্ডকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের সুলভ শ্রমশক্তি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুযোগ কাজে লাগিয়ে আইরিশ বিনিয়োগকারীরা তৈরি পোশাক, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, সবুজ জ্বালানি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ করতে পারেন। প্রায় ১৮ কোটি মানুষের বাজারও আইরিশ পণ্য ও সেবার জন্য সম্ভাবনাময়।
এ সময় ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের অভিন্ন অবস্থানের কথা উল্লেখ করেন তিনি। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আয়ারল্যান্ডের মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা সংকট-সংক্রান্ত মামলায় দেশটির লিখিত বক্তব্য দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি ক্যাথরিন কনোলি বাংলাদেশের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। জলবায়ু পরিবর্তন, মানবিক সহায়তা ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন।
আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানেরও প্রশংসা করেন দুই পক্ষ। তাঁরা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের সমাজ ও অর্থনীতির মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন।
বিএইচ




