সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটক অন্য দুজন হলেন বদির সহযোগী সিআইপি আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। আটক শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর হোটেলটি ঘিরে রাখে কোতোয়ালি মডেল থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। রাত পৌনে ১টার দিকে অভিযান শুরু হয়। হোটেলে অবস্থানকারীদের পরিচয় যাচাই-বাছাই শেষে প্রায় পাঁচ ঘণ্টা পর তাঁদের আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজার ও ঢাকায় মামলা রয়েছে। তাঁদের সিলেটে অবস্থানের তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
ওসি আরও জানান, পুলিশের চোখ এড়াতে তাঁরা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার পুলিশের সদস্যরা তাঁদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করবেন। এরপর তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বিএইচ




