জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিবন্ধনের পর ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা আবেদনগুলো নিষ্পত্তির লক্ষ্যে এ সময়সীমা নির্ধারণ করেছে সংস্থাটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, অনেক আবেদনকারী নিবন্ধনের পর দীর্ঘ সময় পার হলেও বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না। ফলে তাঁদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে আবেদনের সংখ্যা বাড়লেও নিষ্পত্তির হার বাড়ছে না। এ পরিস্থিতি বিবেচনায় সমন্বয় কমিটির বৈঠকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য ছয় মাস সময় নির্ধারণ করা হয়েছে।
আখতার আহমেদ বলেন, কোনো আবেদন অনির্দিষ্টকাল পেন্ডিং রাখার সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে আবেদন বাতিল করা হবে। তবে এতে সংশ্লিষ্ট ব্যক্তির এনআইডি পাওয়ার সুযোগ শেষ হয়ে যাবে না। পরবর্তী সময়ে তিনি চাইলে নতুন করে আবেদন করতে পারবেন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম জানান, অনলাইনে এনআইডির আবেদন করার পর বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য আবেদনকারীকে এসএমএস পাঠানো হয় অথবা ডেকে পাঠানো হয়। এরপরও কেউ সাড়া না দিলে এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে তাঁর আবেদন বাতিল করা হবে।
এদিকে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত এনআইডি সংশোধনের জন্য ৬৫ লাখ ১৫ হাজার ৮৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৭৪টি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বাকি আবেদনগুলো নিষ্পত্তি করা হয়েছে।
বিএইচ




