ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোটরসাইকেলের হর্ন বাজানো এবং সাইড দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেলোয়ার বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সন্ধ্যায় উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর ও পাখিমারা এলাকার মধ্যবর্তী ‘বরইতলা’ নামক স্থানে এই সংঘর্ষ ঘটে।
নিহত দেলোয়ার বিশ্বাস উপজেলার হরিশপুর গ্রামের খয়বার বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আনন্দ উপভোগ করতে ওই এলাকায় ঘুরতে যান বিভিন্ন গ্রামের মানুষ। সেখানে মোটরসাইকেলের হর্ন বাজানো ও সাইড দেওয়া নিয়ে হরিশপুর গ্রামের শুভ (২২) এবং পাখিমারা গ্রামের লাল্টুর (৫০) মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দেলোয়ার বিশ্বাস গুরুতর আহত হন।
আহত দেলোয়ারকে উদ্ধার করে প্রথমে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
এই সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। আহতরা হলেন—শুভ (২২), আবু তালেব (৫৫) এবং মাহাবুর। তাঁরা বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা কমাতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments