আশ্বিন পেরিয়ে কার্তিকের শুরুতেই উত্তরের জনপদ কুড়িগ্রামে শীতের আগমনী বার্তা অনুভূত হচ্ছে। ভোরের হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে ফসলের মাঠ, গ্রামের মেঠোপথ ও নদীবেষ্টিত চরাঞ্চল। সবুজ ধানখেতে জমছে শিশির, আর গাছপালার পাতায় জমে থাকা জলকণা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের।
ভোরের ধূসর আকাশের নিচে কুয়াশার চাদরে ঝাপসা হয়ে উঠছে চারপাশের দৃশ্য। সকালে হাঁটতে বের হলে শরীরে অনুভূত হচ্ছে হালকা ঠান্ডার পরশ। সন্ধ্যার পরও তাপমাত্রা কমে আসায় বাড়ছে শীতের অনুভূতি।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার কুড়িগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকে বাড়ছে ঠান্ডার আমেজ। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশার উপস্থিতিও লক্ষ করা যাচ্ছে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ভোরে মাঠে কাজে যাওয়া কৃষকদের দৈনন্দিন জীবনেও পড়তে শুরু করেছে ঋতু পরিবর্তনের প্রভাব। ধানখেতে জমছে শিশির, ভেজা থাকছে মাঠের ঘাস। জেলার বিভিন্ন এলাকায় আমন ধান কাটার প্রস্তুতিতে ব্যস্ত কৃষকেরা কুয়াশা ভেদ করেই শুরু করছেন দিনের কাজ।
শীতের আগমনী বার্তা পৌঁছে গেছে গ্রামের হাটবাজারেও। বাজারে উঠতে শুরু করেছে শীতের পোশাক। বাড়ির উঠানে পুরোনো কম্বল, শাল ও সোয়েটার রোদে শুকাতে দেখা যাচ্ছে অনেককে। শীত মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছেন নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বাসিন্দারা।
অন্যদিকে, আবহাওয়ার পরিবর্তনে শিশু ও বয়স্কদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টের মতো সমস্যায় এ দুই শ্রেণির মানুষ বেশি ঝুঁকিতে থাকেন। জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু রোগীর চাপ বাড়ছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বিশেষ করে ভোরে ও রাতে গরম কাপড় পরা, শিশুদের শরীর উষ্ণ রাখা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন তাঁরা।
উত্তরের জেলা কুড়িগ্রামে প্রতিবছরই শীতের প্রভাব তুলনামূলক বেশি অনুভূত হয়। তাই ভোরের কুয়াশা, ঘাসে জমে থাকা শিশির আর হিমেল বাতাস স্থানীয় বাসিন্দাদের মনে করিয়ে দিচ্ছে শীতের আগমনের কথা। প্রকৃতিতে শীতের এই প্রাথমিক উপস্থিতি জানান দিচ্ছে, ধীরে ধীরে এগিয়ে আসছে শীতের মৌসুম।
এসএ




