আকাশজুড়ে ঘন কালো মেঘ। গত দুই দিন ধরে সূর্যের দেখা নেই। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত থেকে বাগেরহাটের মোংলাসহ উপকূলীয় এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাতাসের গতিবেগ খুব বেশি না বাড়লেও জোয়ারের পানিতে ফুঁসে উঠেছে পশুর, মোংলা ও সুন্দরবনসংলগ্ন নদ-নদী। এরই মধ্যে নিচু এলাকায় ঢুকে পড়ছে পানি। কোথাও ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে প্রবেশ করছে লবণাক্ত পানি।
ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মোংলা বন্দরেও জারি রয়েছে ৩ নম্বর সতর্কসংকেত।
তবে সংকেতের চেয়েও বড় আতঙ্ক উপকূলের মানুষের মনে। ঘূর্ণিঝড়ের নাম শুনলেই বুক কেঁপে ওঠে তাঁদের। কারণ, দুর্যোগের সময় আশ্রয় নেওয়ার মতো পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নেই। একদিকে ভাঙা বেড়িবাঁধ, অন্যদিকে জোয়ারের পানি—এ দুইয়ের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই বেঁচে থাকতে হচ্ছে তাঁদের।
বসতঘরের নিচে হাঁটুসমান লবণাক্ত পানি। ভাঙা রাস্তার দুই পাশে থইথই করছে জোয়ারের পানি। কোথাও গোলপাতার ঘর খুঁটির ওপর কোনোরকমে দাঁড়িয়ে আছে। ঘরের দাওয়ায় বসে থাকা নারীদের চোখেমুখে অসহায়ত্বের ছাপ। চলাচলের একমাত্র ভরসা ছোট ছোট নৌকা।
এটি কোনো বিচ্ছিন্ন চিত্র নয়। বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনিরগোল ও বানিয়াশান্তা এলাকার চারটি গ্রামের মানুষের প্রতিদিনের বাস্তবতা।
জোয়ারের পানিতে চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। কোথাও বসতঘরের নিচে পানি ঢুকে পড়ছে। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই পানি সেচে ঘর পরিষ্কার করতে হয়। এরপর নৌকা কিংবা ভাঙা রাস্তা পেরিয়ে বাজারে যেতে হয়। শিশুদের স্কুলে যাওয়া, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা নেওয়া—সবকিছুতেই পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
বাংলাদেশের প্রায় ৭১০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চল প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য ও অর্থনৈতিক সম্ভাবনায় সমৃদ্ধ। এ অঞ্চলকে ঘিরে রয়েছে মৎস্যসম্পদ, কৃষি, নৌবাণিজ্য, মোংলা বন্দর ও পর্যটনের গুরুত্বপূর্ণ সম্ভাবনা। অথচ এই উপকূলের বহু মানুষকে প্রতিনিয়ত মোকাবিলা করতে হচ্ছে নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা ও নিরাপদ পানির সংকট।
মোংলার জয়মনিরগোল ও বানিয়াশান্তা এলাকার পরিস্থিতি সেই বাস্তবতারই প্রতিচ্ছবি। স্থানীয়দের অভিযোগ, উপকূলের উন্নয়ন নিয়ে নানা আলোচনা ও পরিকল্পনার কথা শোনা গেলেও তাঁদের দৈনন্দিন সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।
তাঁদের দাবি, ভাঙা বেড়িবাঁধ দ্রুত ও টেকসইভাবে সংস্কার করতে হবে। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট উঁচু করে পাকা করতে হবে। পাশাপাশি সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা ও পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ করতে হবে।
জয়মনিরগোল সাইলো-সংলগ্ন চিলা এলাকার বাসিন্দা রেশমা বেগম দৈনিক মানবকণ্ঠকে বলেন, ‘জোয়ার আইলে ঘর থেইক্যা বাইর হওন যায় না। রাস্তা ভাইঙা গেছে, পোলাপান স্কুলে যাইতে পারে না। আমরা বড় অসহায়। ঝড় আইলে কই যামু, সেই জায়গাও নাই।’
রেশমা বেগমের এই বক্তব্য শুধু একজনের অসহায়ত্ব নয়, বরং উপকূলের ঝুঁকিপূর্ণ জনপদে বসবাসকারী অসংখ্য পরিবারের দুর্ভোগের চিত্র। যেখানে নিরাপদে ঘর থেকে বের হওয়া, শিশুদের স্কুলে পাঠানো কিংবা জরুরি প্রয়োজনে চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোও কঠিন, সেখানে নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ‘আমরা ত্রাণ চাই না, আমরা বাঁধ চাই। বাঁধ ঠিক থাকলে আমরা নিজেরাই নিজেদের খাবার জোগাড় করতে পারব।’
জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদে ঝুঁকি ক্রমেই বাড়ছে। জোয়ারের পানি, অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতবাড়ি ও রাস্তাঘাট। লবণাক্ত পানির কারণে কৃষিজমির উৎপাদনশীলতা কমছে। একই সঙ্গে তীব্র হচ্ছে নিরাপদ খাবার পানির সংকট।
একসময় যেসব জমিতে ধান চাষ হতো, সেসব জমিতে এখন লবণাক্ত পানি ঢুকে চাষাবাদ ব্যাহত হচ্ছে। পুকুরের মিষ্টি পানিও লবণাক্ত হয়ে পড়ছে। ফলে সুপেয় পানির জন্য নারীদের দূর-দূরান্তে যেতে হচ্ছে। যোগাযোগব্যবস্থার দুর্বলতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু, নারী, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিরা।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা ও প্রতিশ্রুতির পাশাপাশি স্থানীয় পর্যায়ে কার্যকর অভিযোজন ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে উপকূলের মানুষের অভিজ্ঞতা, প্রয়োজন ও বাস্তব সমস্যাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু ত্রাণ কিংবা আশ্বাস নয়, তাঁদের প্রয়োজন টেকসই বেড়িবাঁধ, উঁচু ও পাকা সড়ক, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার এবং সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে জোয়ার-ভাটা ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মোংলার উপকূলবাসীর জীবন অনেকটাই নিরাপদ হতে পারে।
নইলে প্রতিটি ঘূর্ণিঝড়, প্রতিটি জোয়ার তাঁদের জীবনে নতুন করে দুর্ভোগ ও সর্বনাশের আশঙ্কা নিয়ে হাজির হবে।
এসএ




