মাদারীপুরে স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনতাইয়ের সময় হামলার শিকার হয়ে বেগম বিবি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত বেগম বিবি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরে বসে রান্না করছিলেন বেগম বিবি। এ সময় তাঁকে একা পেয়ে এক ছিনতাইকারী কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে পাশে থাকা মুগুর দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর কান কেটে স্বর্ণের কানের দুল এবং নাক কেটে স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বৃদ্ধার মরদেহের ময়নাতদন্ত জেলা হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এসএ




