গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের জন্য খাবার সরবরাহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে বাহিনীর ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার নিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বেসামরিক কর্মীরা পথে বিভিন্ন বাধা ও প্রতিকূলতার মুখে পড়েন।
একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত তাদের জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেয় বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। পরে ওই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে প্রচার করা হয়। একই সঙ্গে আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা করা হয় বলে দাবি বাহিনীর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে ঘটনার বাস্তব প্রেক্ষাপট আড়াল করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে দাবি করা হয়।
বাহিনীর ভাষ্য, খাবার সরবরাহের সঙ্গে জড়িত কর্মীদের জিম্মি করা, ভয়ভীতি দেখানো এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ভিডিও ধারণের ঘটনাকে উদ্দেশ্যপূর্ণ রাজনৈতিক প্রচার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালনরত সদস্যদের খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।
এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে যাচাইবিহীন তথ্য প্রচার না করার অনুরোধ করেছে বাহিনী। পাশাপাশি ঘটনার প্রকৃত তথ্য বিবেচনায় নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়েছে।
এনএ




