সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় ফ্যাসিবাদ, অগ্নিসংযোগ, গুপ্ত হামলা, সরকারি স্থাপনায় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ফ্যাসিবাদবিরোধী ঐক্য, নেত্রকোনার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আনোয়ারুল হক বলেন, রাষ্ট্রের প্রচলিত আইন ও নিয়মনীতি উপেক্ষা করে একটি পক্ষ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অগ্নিসংযোগ, সরকারি অফিসে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গুপ্ত হামলার মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দলীয় কোনো কর্মসূচি ছাড়াই একটি পক্ষ পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও গুপ্ত হামলার মতো অপরাধ সংঘটিত করছে। এসব কর্মকাণ্ড অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে তা মোকাবিলা করা হবে।
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “যারা দেশের ও জনগণের শান্তি নষ্ট করবে, তাদের আমরা শান্তিতে ঘুমাতে দেব না। জনগণের নিরাপত্তা ও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব।”
সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নেত্রকোনার কোথাও নতুন করে অগ্নিসংযোগ, সরকারি স্থাপনায় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ কিংবা গুপ্ত হামলার চেষ্টা করা হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশের জনগণের জানমাল ও সরকারি সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, যারা পরিকল্পিতভাবে নাশকতা, সন্ত্রাস ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের নামে কিংবা অন্য কোনো পরিচয়ে কেউ যেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
সমাবেশে আরও বক্তব্য দেন নেত্রকোনা জেলা বিএনপির নেতা মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অগ্নিসংযোগ, ভাঙচুর, গুপ্ত হামলা ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এসএ




