কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগ্রহী শিক্ষার্থীদের কৃষি গুচ্ছের ভর্তি সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটের (acas.edu.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।
বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনসংখ্যা
কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও সেগুলোর নির্ধারিত আসনসংখ্যা নিচে তুলে ধরা হলো—
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ১ হাজার ৬৬টি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ৭০৫টি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়: ৫৫০টি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৪৭৩টি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ৪০১টি
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ২৭৫টি
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: ১৫০টি
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়: ৯৯টি
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়: ৮৬টি
আবেদনের যোগ্যতা
ভর্তির আবেদনের যোগ্যতা হিসেবে ২০২২, ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৫ বা ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার মোট জিপিএ নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
পরীক্ষার সময়সূচি ও মানবণ্টন
আগামী বছরের ৩ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয়ভিত্তিক মানবণ্টন হলো—ইংরেজি ১০, প্রাণিবিজ্ঞান ১৫, উদ্ভিদবিজ্ঞান ১৫, পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২০ এবং গণিত ২০ নম্বর।
তবে চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হবে মোট ১৫০ নম্বরের ভিত্তিতে। এক্ষেত্রে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত ১০০ নম্বরের সঙ্গে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ থেকে ২৫ নম্বর করে (মোট ৫০ নম্বর) যোগ করে মেধাতালিকা তৈরি করা হবে।
ডিআর




