দৈনিক দ্য ডেইলি স্টার-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রেসক্লাবের সহসভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হোসেন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হন সোহরাব হোসেন। পরে তাঁকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
সাংবাদিক সোহরাব হোসেন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি পটুয়াখালী প্রেসক্লাবের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে সহকর্মীদের কাছে সুপরিচিত হয়ে ওঠেন।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালীর মোল্লা স্ট্যান্ডসংলগ্ন সাবিনা আক্তার স্কুল প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সোহরাব হোসেন পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় আউলিয়াপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পটুয়াখালীর সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সংবাদকর্মীকে হারাল। তাঁর মৃত্যুতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এসএ




