সাগরের গর্জন, ঝাউবনের শনশন বাতাস আর কীর্তনের সুর সব মিলিয়ে সুন্দরবনের দুবলার চর এখন যেন এক টুকরো তীর্থভূমি। রবিবার (২২ নভেম্বর) ভোর থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী ৩ দিনব্যাপী রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নান।
আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরের প্রথম জোয়ারে বঙ্গোপসাগরের লোনাজলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এই মহা উৎসব।
তবে এবারও বসছে না ঐতিহ্যবাহী রাসমেলা। সুন্দরবনের বাঘ, হরিণ, ডলফিন আর শ্বাসমূলের সুরক্ষার স্বার্থে ২০২১ সাল থেকে মেলা বন্ধ রয়েছে। এবার শুধু ধর্মীয় আচার পালন করতেই অনুমতি পেয়েছেন ভক্তরা।
ইতিহাস বলছে, ১৯২৩ সাল। সাধু হরিভজন নামে এক সাধক স্বপ্নাদেশ পেয়ে রাসপূর্ণিমার ভোরে দুবলার চরের সাগর মোহনায় এসে স্নান করেন। পাপমোচন ও জগতের মঙ্গল কামনায় তিনি সেখানে রাসপূজার সূচনা করেন।
সেই থেকে শুরু। ধীরে ধীরে এই ছোট্ট পূজা পরিণত হয় উপমহাদেশের অন্যতম বৃহৎ মেলায়। একসময় এখানে লাখো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষের মিলনমেলা বসত। কেউ আসতেন পুণ্যস্নান করতে, কেউ আসতেন সুন্দরবন দেখতে, কেউ আসতেন ব্যবসা করতে।
কিন্তু মেলাকে কেন্দ্র করে সুন্দরবনে প্লাস্টিক দূষণ, শব্দ দূষণ, হরিণ শিকার ও বন ধ্বংস বাড়তে থাকায় ২০২১ সালে বন বিভাগ মেলা আয়োজন সম্পূর্ণ বন্ধ করে দেয়। এখন শুধু পুণ্যস্নানটুকুই টিকে আছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, এবার কেবল সনাতন ধর্মাবলম্বীরাই অনুমতি পেয়েছেন। আবেদনকারী সকল পুণ্যার্থীকে অনুমতি দেওয়া হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের (বাগেরহাট) বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান,“আমরা চাই ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় থাকুক, আবার সুন্দরবনও নিরাপদ থাকুক। সেজন্য এবার আমরা ৫টি নির্দিষ্ট নৌপথ নির্ধারণ করে দিয়েছি। এর বাইরে কোনো নৌযান ঢুকতে পারবে না।”
চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ দৈনিক মানবকন্ঠকে বলেন, পুণ্যার্থীদের নিরাপত্তা ও বনের প্রাণপ্রকৃতি সুরক্ষায় এবার মোংলা কোস্টগার্ড, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও বনরক্ষীদের সমন্বয়ে সার্বক্ষণিক টহল চলছে। এবং কয়েকটি নির্দেশনা মানতে হবে।
১. সব নৌযান কেবল দিনের বেলায় নিরাপত্তা বাহিনীর পাহারায় চলবে। রাতে কোনো লঞ্চ, ট্রলার চলবে না।
২. নির্ধারিত চেকপোস্ট ছাড়া বনের অন্য কোথাও লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না।
৩. প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখতে হবে। জলযানের গায়ে স্টিকারের মাধ্যমে বিএলসি (BLC) / সিরিয়াল নম্বর ও যাত্রীর সংখ্যা লেখা থাকতে হবে।
৪. বনে প্রবেশের সময় দেওয়া টোকেন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সব সময় সাথে রাখতে হবে। চেকপোস্টে দেখাতে হবে।
৫. কোনো নৌযান বা পুণ্যার্থীর কাছে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল বা করাত পাওয়া গেলে সাথে সাথে গ্রেফতার ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৬. সাগরে বা বনে কোনো প্লাস্টিক, পলিথিন, পূজার উচ্ছিষ্ট ফেলা যাবে না। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে।
রবিবার সকাল থেকেই দুবলার চরে ভক্তদের ঢল নেমেছে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, এমনকি ভারত থেকেও এসেছেন অনেকে।
সাগরপাড়ে অস্থায়ী মন্দিরে চলছে রাধা-কৃষ্ণের রাসপূজা, ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে কীর্তন, নামসংকীর্তন আর প্রসাদ বিতরণ। জেলেরা নিজেদের শুঁটকি পল্লীতে পুণ্যার্থীদের জন্য থাকার ব্যবস্থা করেছেন।
মঙ্গলবার ভোরের স্নানের পরই সব পুণ্যার্থীকে নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যে বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ টহল আরও জোরদার করা হবে বলে জানা গেছে।
স্থানীয়রা বলছেন, মেলা বন্ধ হলেও দুবলার চরের এই রাস উৎসবই প্রমাণ করে - ধর্ম আর প্রকৃতি একসাথে বাঁচতে পারে, যদি আমরা নিয়ম মেনে চলি।




