লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হওয়া ‘সাইফুল ইসলাম সুজন’ মূলত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির শীর্ষ শুরা সদস্য ও প্রধান বোমা প্রস্তুতকারী নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’ (৩০)। আটকের পর তাকে রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হলে পুলিশ তদন্তে তার এই আসল পরিচয় উন্মোচিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয় বাসিন্দারা তাকে ধাওয়া করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের নাম ‘সাইফুল ইসলাম সুজন’ এবং বাড়ি ভোলা সদরে বলে দাবি করেছিল।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বোমারু মামুনের প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ার পর উত্তর চরবংশী এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে ১১টি শক্তিশালী আইইডি (বোমা) উদ্ধার করা হয়। পরবর্তীতে ঢাকা থেকে যাওয়া পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) বোমাগুলো নিষ্ক্রিয় করে।
পুলিশ কর্মকর্তা মান্নান আরও জানান, নদীর চরে মুরগির খামার করার কথা বলে পরিচয় লুকিয়ে প্রায় দেড় থেকে দুই মাস আগে বাড়িটি ভাড়া নেন মামুন। এরপর এক নারী ও এক পুরুষকে নিয়ে সেখানে বসবাস করছিলেন।
পুলিশের তদন্তকারীরা জানিয়েছেন, বোমারু মামুন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। ২০১৭ সালের আগস্টে রাজধানীর পান্থপথের ‘হোটেল ওলিও’তে সংঘটিত আত্মঘাতী হামলার ঘটনার বোমা প্রস্তুতকারী ছিলেন তিনি। ওই বছরের ৩১ ডিসেম্বর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। তৎকালীন সময়ে তাকে নব্য জেএমবির প্রধান বোমা প্রস্তুতকারী হিসেবে চিহ্নিত করে পুলিশ। পরবর্তীতে জুলাই অভ্যুত্থান-পরবর্তী ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জামিনে মুক্ত হন সে।
জামিনে বের হয়েই মামুন তার সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানকে নিয়ে পুনরায় নাশকতায় জড়িয়ে পড়ে।
পুলিশের দেওয়া তথ্যানুযায়ী গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের একটি মাদরাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীতে তল্লাশিকালে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে বোমার ব্যাগ ফেলে পালিয়ে যান তিনি।
গত জুলাইয়ে উল্টো রথযাত্রার দিন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতর লুকিয়ে রাখা পাইপবোমা এবং আশুলিয়ার চাড়াবাগের চায়ের দোকানে ফেলে রাখা প্রেশার কুকার বোমার পেছনেও মামুনের হাত রয়েছে বলে প্রবল সন্দেহ করা হচ্ছে।
গত আগস্টে সাভার থেকে বিস্ফোরকসহ গ্রেফতার হওয়া জঙ্গি সদস্য আরিফের প্রধান গুরু ও প্রশিক্ষক ছিলেন এই বোমারু মামুন।
ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কর্মকর্তারা জানিয়েছেন, মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক গুরুতর বিস্ফোরক মামলা রয়েছে। তাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রায়পুর থানা পুলিশ থেকে এসআরইউ-এর কাছে হস্তান্তর করা হবে।




