চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ দোকানে বসে থাকা অবস্থায় মো. আবছার উদ্দিন চৌধুরী নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাঁর হাত, পা ও পেটে গুলির আঘাত লেগেছে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাঞ্চননগরের তেমুহনি বাজারের পূর্ব পাশে তাঁর নিজের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত আবছার উদ্দিন চৌধুরী কাঞ্চননগর ইউনিয়নের দিঘিরপাড়া এলাকার শেফায়েত হোসেন চৌধুরীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, একটি মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক এসে আবছারকে লক্ষ্য করে পরপর ৬ থেকে ৭ রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, কয়েক মাস আগেও অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আবছারের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছিল।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ইব্রাহীম মুঠোফোনে জানান, আবছার উদ্দিনের হাত, পা ও পেটে গুলির আঘাত রয়েছে। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিএইচ




