বাংলাদেশের উপকূলীয় বন শুধু সবুজের সমারোহ নয়, বরং উপকূলবাসীর জীবন ও সম্পদ রক্ষার প্রাকৃতিক ঢাল। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রবল বাতাস ও সমুদ্রের উত্তাল ঢেউ থেকে উপকূলের মানুষ, ঘরবাড়ি, ফসল ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বন। তবে সমুদ্র ও নদীর তীব্র ভাঙনে প্রতিবছর বিলীন হচ্ছে উপকূলীয় বনভূমির উল্লেখযোগ্য অংশ। এ পরিস্থিতিতে বন রক্ষায় গাছ লাগানোর পাশাপাশি ভূমির স্থিতিশীলতা নিশ্চিত ও ঢেউয়ের শক্তি প্রশমনে বিজ্ঞানভিত্তিক প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, উপকূলীয় বন টিকিয়ে রাখতে হলে প্রথমে মাটির ক্ষয় রোধ করতে হবে। কারণ, সমুদ্রের প্রবল ঢেউ সরাসরি বনভূমিতে আঘাত হানলে মাটি আলগা হয়ে যায়, গাছের শিকড় উন্মুক্ত হয়ে পড়ে এবং একপর্যায়ে গাছ উপড়ে যায়। জোয়ার-ভাটার টান, ঘূর্ণিঝড়ের সময় উঁচু জলোচ্ছ্বাস, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও উপকূলীয় ভূপ্রকৃতির পরিবর্তন এ সংকট আরও বাড়িয়ে তুলছে।
বনভূমি হারানো মানে শুধু ভূমি হারানো নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে জীববৈচিত্র্য, পরিবেশের ভারসাম্য, স্থানীয় মানুষের জীবন-জীবিকা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা। উপকূলীয় বন দুর্বল হয়ে পড়লে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাত সরাসরি লোকালয়ে পৌঁছানোর ঝুঁকি বাড়ে। এতে ঘরবাড়ি, ফসল ও গবাদিপশুর ক্ষয়ক্ষতির আশঙ্কাও তৈরি হয়।
মোংলার চিলা এলাকার এক জেলে বলেন, “আগে এইখানে বড় বন ছিল, ঝড় আইলে বনে বাধা পাইত। এখন বন ভাইঙা গেছে, ঝড় সরাসরি ঘরে আইসা লাগে।”
এমন পরিস্থিতিতে উপকূলীয় বন রক্ষায় ঢেউয়ের শক্তি প্রশমনের লক্ষ্যে দেশীয় উপকরণনির্ভর বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার (JICA) আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগে সমুদ্রের উন্মুক্ত প্রান্তে নির্দিষ্ট নকশা ও পরিকল্পনা অনুযায়ী বিশেষ ধরনের বেড়া বা প্রতিবন্ধক কাঠামো স্থাপন করা হচ্ছে।
এসব কাঠামোর মূল উদ্দেশ্য হলো ঢেউয়ের শক্তি সরাসরি বনভূমিতে আঘাত হানার আগেই তা প্রশমিত করা, পানির প্রবাহের গতিশক্তি কমানো এবং ভাঙনপ্রবণ এলাকায় পলি জমার অনুকূল পরিবেশ তৈরি করা। কংক্রিটের বাঁধের মতো ঢেউকে পুরোপুরি আটকে না দিয়ে এসব বেড়া ঢেউয়ের শক্তি ধীরে ধীরে কমাতে সহায়তা করে। ফলে মাটির ক্ষয় কমার পাশাপাশি নতুন পলি জমে ভূমির স্থিতিশীলতা বাড়ার সম্ভাবনা তৈরি হয়। এতে ধীরে ধীরে বন সৃজনের উপযোগী পরিবেশ গড়ে উঠতে পারে।
এ উদ্যোগে বাঁশ, কাঠ, জিও-ব্যাগ ও স্থানীয় গাছের ডালের মতো সহজলভ্য উপকরণ ব্যবহার করা হচ্ছে। তুলনামূলক স্বল্পমূল্যের এসব উপকরণ দিয়ে তৈরি প্রতিবন্ধক ঢেউয়ের গতিশক্তি প্রশমনের পাশাপাশি পলি জমা ও মাটির গঠন উন্নয়নে সহায়ক হতে পারে। স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী কাঠামোর নকশা পরিবর্তনের সুযোগ থাকায় পদ্ধতিটি উপকূলীয় বন ব্যবস্থাপনায় সম্ভাবনাময় অভিযোজন কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।
এ বিষয়ে চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ দৈনিক মানবকণ্ঠকে বলেন, “আগে আমরা শুধু চারা লাগাতাম। এখন আমরা আগে মাটিকে বাঁচাচ্ছি, তারপর চারা লাগাচ্ছি। এটাই আসল পরিবর্তন।”
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার পরিবেশ রক্ষায় বদ্ধপরিকর।
সংশ্লিষ্টদের আশা, ঢেউয়ের শক্তি প্রশমনের এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে উপকূলীয় বনভূমি রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য, স্থানীয় মানুষের বসতি ও জীবন-জীবিকা সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে উপকূলের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে বিজ্ঞানভিত্তিক বনায়ন পদ্ধতি নতুন সম্ভাবনা তৈরি করবে।
বিএইচ




