চট্টগ্রামের টেরিবাজারে জাল ভিসা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় প্রায় ৫ হাজার জাল ভিসা স্টিকার, ১৭টি পাসপোর্ট ও ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কারখানার মূল অভিযুক্ত আবদুল মাবুদকে (৫৩)।
রোববার (২২ নভেম্বর) নগরের কোতোয়ালি থানা-পুলিশ টেরিবাজারের কাটাপাহাড় এলাকার বদরুদ্দিন মার্কেটের পঞ্চম তলার একটি কক্ষে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করে।
পুলিশ জানায়, অভিযানে বিপুলসংখ্যক জাল ভিসা স্টিকার ও ১৭টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। এ ছাড়া ভিসা জালিয়াতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় প্রতারণা, জালিয়াতি ও বাংলাদেশ পাসপোর্ট আদেশের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আবদুল মাবুদের বিরুদ্ধে এর আগেও গত ৫ ফেব্রুয়ারি ঢাকার বিমানবন্দর থানায় একটি মামলা থাকার তথ্য সিডিএমএসে পাওয়া গেছে।
এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
বিএইচ




