হবিগঞ্জের লাখাই উপজেলায় মুরগি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত ছোওয়াব মিয়া ওরফে সইদা মিয়া (৪৫) মারা গেছেন। ঘটনার ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
নিহত ছোওয়াব মিয়া উপজেলার শিবপুর (ঘাঘটিয়া) এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকার কালাম মিয়ার সঙ্গে ছোওয়াব মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১১ নভেম্বর মুরগি নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে কালাম মিয়া ও তাঁর পক্ষের লোকজনের আঘাতে ছোওয়াব মিয়া মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা ১১ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুরগি নিয়ে ছোওয়াব মিয়া ও কালাম মিয়ার মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। চিকিৎসাধীন অবস্থায় ছোওয়াব মিয়া মারা গেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এসএ




